যশোরের শার্শায় ‘জিয়া খাল’ পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

0
শার্শার উলাশি ইউনিয়নে জিয়ার খালের পানি প্রবাহ ও বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।। ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার উলাশি ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক ‘জিয়া খাল’ পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি সরেজমিনে খালটি ঘুরে দেখেন এবং এর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে খালের সার্বিক উন্নয়ন, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং পরিবেশগত সৌন্দর্যবর্ধন সংক্রান্ত বিভিন্ন কারিগরি বিষয় নিয়ে আলোচনা করেন। জানা গেছে, আসন্ন বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের আগমনকে সামনে রেখে এলাকার অবকাঠামোগত প্রস্তুতি যাচাইয়ের অংশ হিসেবে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক (ডিসি) আশেক হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবিরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এছাড়াও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান জোয়া সেলিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে স্থানীয় নেতৃবৃন্দ জানান, ‘জিয়া খাল’ এলাকার উন্নয়নে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। খালের পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধির মাধ্যমে এলাকাটিকে আরও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা রয়েছে, যা আগত অতিথিদের সামনে ইতিবাচক ভাবমূর্তি ফুটিয়ে তুলতে সহায়ক হবে।