দেশে ইতিহাসের সর্বোচ্চ পরিশোধিত জ্বালানি তেলের মজুদ রয়েছে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম

“মে মাসের জ্বালানি মজুদ আছে, জুনের জন্য প্রস্তুতি চলছে”

0
পরিশোধিত জ্বালানি তেলের মজুদ বাংলাদেশ

লোকসমাজ ডেস্ক :

বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি পরিশোধিত জ্বালানি তেলের মজুদ আছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।
অমিত বলেন, “আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে এবং গর্বের সাথে বলতে পারি, বাংলাদেশের ইতিহাসে যেটি কখনোই হয়নি, বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ আছে।
তিনি বলেন, গতকাল বিভিন্ন পত্র-পত্রিকায় দেখেছেন, ইউরোপিয়ান ইউনিয়ন পর্যন্ত আশঙ্কা করছে যে তাদের হাতে মাত্র ছয় সপ্তাহের জেট ফুয়েল রয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশেও ছয় সপ্তাহ সমপরিমাণ জেট ফুয়েল রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের এপ্রিল ও মে মাসের যে জ্বালানি চাহিদা সেটি আমরা সংগ্রহ করেছি এবং যেটি নিশ্চিত সরবরাহ লাইনে আছে এবং সেটিকে বিবেচনায় নিয়ে বলতে পারি এপ্রিল এবং মে মাসে যে চাহিদা, সেটি পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে। সেটি আমরা নিশ্চিত করতে সক্ষম হওয়ায় এখন মূলত জুন মাসের প্রয়োজন মেটাবার জন্য আমরা কাজ করছি।
রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বছরে প্রায় ১৫ লাখ টন ক্রুড অয়েল পরিশোধন করে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, “অর্থাৎ এই প্রতিষ্ঠানের মেটেরিয়ালস বলতে যেটা বোঝানো হয়, সেটি হচ্ছে ক্রুড অয়েল, যেটি মূলত দুটি সোর্স থেকে আসে। একটি হচ্ছে সৌদি আরব, অপরটি আরব আমিরাত থেকে। প্রতিষ্ঠার পর থেকে এই দুটো সোর্স থেকেই আসে।”
তিনি বলেন, “আমরা এই বছরের জানুয়ারি মাসে আমাদের যেটি আসবার কথা, সেটি এসেছে। ফেব্রুয়ারি মাসে যে ক্রুড অয়েল আসবার কথা ছিল, সেটিও এসেছে। ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের সংকট শুরু হবার পর মার্চ ও এপ্রিল মাসে যে শিডিউল ছিল, সেগুলো হ্যাম্পার করেছে।”

বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা চলছে জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘‘সেটা যেমন রিফাইন অয়েল অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ক্রুড অয়েলও সংগ্রহ করবার চেষ্টা করেছি। সেখানে আমরা একটা কার্গো ক্রয়ও করেছি, যদিও সেটা নির্ধারিত সময়ের মধ্যে তারা সাপ্লাই করতে পারেনি।
অমিত জানান, আরো দুটো কার্গো (ক্রুড অয়েলের) স্ট্যান্ড বাই রয়েছে, আমরা আশা করছি এই মাসের শেষার্ধে একটি কার্গো শিপ পৌঁছাবে। এমতাবস্থায় সাময়িকভাবে আমাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি (ইস্টার্ন রিফাইনারির), সেটা কিছুটা হলে কমপ্রোমাইজড হয়েছে। এটা নিয়ে হয়তো বা কিছু প্রশ্ন এসছে। আপনাদের মধ্যেও কিছু জিজ্ঞাসা রয়েছে।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সারাবছর নিরবচ্ছিন্নভাবে ইস্টার্ন রিফাইনারি চলার কারণে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা কঠিন হয়ে পড়ে।
তিনি বলেন, এ সুযোগে রক্ষণাবেক্ষণের যেটা লং ডিউ ছিল, ইস্টার্ন রিফাইনারির দুটি ইউনিটের রক্ষণাবেক্ষণের কাজ করছি।”
সংবাদ কর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী অমিত বলেন, “মধ্যপ্রাচ্যের সংকট শুরু হবার পর থেকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথেই আপনাদের দায়িত্ব পালন করছেন এবং আমরা এটা আপনাদেরকে সাধুবাদ জানাই।
আরও বলেন, আমি মনে করি জ্বালানি সেক্টর নিয়ে বাংলাদেশের মানুষের এখন যে পরিমাণ তথ্য আছে, অন্য কোনো সেক্টর নিয়ে এতো তথ্য বাংলাদেশের মানুষের কাছে নেই এবং এটার পুরো কৃতিত্ব আপনাদের।”
তথ্য পরিবেশনের ক্ষেত্রে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, “তথ্য পরিবেশনার ক্ষেত্রে আমরা যদি সকলে একটু সতর্ক করতে পারি, তাহলে তা অহেতুক কোন আতঙ্ক কিংবা উদ্বেগ সৃষ্টি করবে না; বরং আতঙ্ক কিংবা উদ্বেগ কমানোর চেষ্টা করবে।”