নওয়াপাড়া মডেল কলেজ পরিদর্শনে বোর্ড চেয়ারম্যান, গোপনীয়তা ও বিশেষ আপ্যায়ন ঘিরে বিতর্ক

0
নওয়াপাড়া মডেল কলেজ প্রাঙ্গণ; যেখানে বোর্ড চেয়ারম্যানের আকস্মিক সফর ও আপ্যায়নকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে।। ছবি: লোকসমাজ

যশোরের নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত নওয়াপাড়া মডেল কলেজ পরিদর্শন করেছেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসম্মাৎ আসমা বেগম। বৃহস্পতিবার কোনো পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ এই পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। আশ্চর্যজনক বিষয় হলো, পরিদর্শনের বিষয়টি কলেজের শুরু লগ্নের শুভাকাঙ্ক্ষী এমনকি স্থানীয় সাংবাদিকদেরও জানানো হয়নি।

আকস্মিক এই সফরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে একটি সূত্র বলছে, নওয়াপাড়া মডেল কলেজটি এইচএসসির নতুন কেন্দ্র হওয়ায় শিক্ষা বোর্ড কর্মকর্তারা এই তদারকিতে আসেন। এ বিষয়ে জানতে কলেজের অধ্যক্ষ মহিদুল ইসলাম টোকনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চেয়ারম্যানের আগমনের বিষয়টি তিনি আগে থেকেই জানতেন। তবে আরও বিস্তারিত জানতে চাইলে তিনি চেয়ারম্যানের খাতির-যত্নে ব্যস্ত থাকার অজুহাতে দ্রুত ফোন কেটে দেন। অন্যদিকে, কলেজ পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রউফ জানান, চেয়ারম্যানের আসার কথা অনেক আগে শুনলেও ঠিক আজই তিনি আসবেন তা তাঁর জানা ছিল না।

এদিকে একাধিক সূত্রের দাবি, শিক্ষা বোর্ড চেয়ারম্যানসহ কর্মকর্তাদের আগমন উপলক্ষে কলেজ প্রাঙ্গণে বিশেষ আপ্যায়নের আয়োজন করা হয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিভিন্ন মহলে এ নিয়ে আলোচনা শুরু হয়। ঘটনাটি ঘিরে স্থানীয় মহলে কৌতূহল ও ক্ষোভ এখনো অব্যাহত রয়েছে।