অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ইন্টার্নশিপের সুযোগ ইবির সাত শিক্ষার্থীর

0
ছবি: সংগৃহীত।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপ প্রোগ্রামের নতুন ব্যাচে ২৫ জনের মধ্যে সুযোগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাতজন শিক্ষার্থী।

তারা হলেন, আইন বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী সাকিব বাবু চাকলাদার, সাকিবুর রহমান দিহান ও তন্ময় ঘোষ, আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম রক্তিম, তানভীর শরীফ রিপন, আব্দুল্লাহ আল কাফী ও লাবিবাহ।

সোমবার সকালে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের তত্ত্বাবধানে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে নতুন ব্যাচের শপথ গ্রহণ ও বিদায়ী ব্যাচকে সনদ প্রদান করা হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তাসনুভা শেলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আসাদুজ্জামান এমপি। বিশেষ অতিথি ছিলেন, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব উদ্দিন খোকন এমপি।

এ সময় উপস্থিত ছিলেন সুইডেনের প্রতিনিধি স্টিফেন মিলার , রোমানা ও উইকস। এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি প্রফেসর হালিমা খাতুনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিন, চেয়ারম্যান ও বার কাউন্সিলের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে এই সুযোগ অর্জন করেন ইবির শিক্ষার্থীরা।

ইন্টার্নশিপে সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আইন বিভাগের নির্বাচিত শিক্ষার্থী সাকিব বাবু চাকলাদার বলেন, অ্যাটর্নি জেনারেল অফিসে ইন্টার্নশিপের সুযোগ পাওয়া আমার জন্যে এক গৌরবের ও সৌভাগ্যের বিষয়। দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তার কার্যালয়ে কাজ করার এই সুযোগ আমার জ্ঞান ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।