ইসলামাবাদে দ্বিতীয় দফা মার্কিন-ইরান সংলাপের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান

0
স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্য: ইসলামাবাদে আবারও মুখোমুখি বসছে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা।। ছবি: সংগৃহীত

ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঘিরে দীর্ঘ উত্তজনা নিরসনে পাকিস্তান এবার দ্বিতীয় দফা মার্কিন-ইরান সংলাপের প্রস্তুতি শুরু করেছে। তুরস্কের আনাদোলু এজেন্সি এবং ভারতের পিটিআইসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম পাকিস্তানের উচ্চপর্যায়ের সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার থেকেই ইসলামাবাদে এই গুরুত্বপূর্ণ সংলাপের প্রস্তুতি শুরু হয়েছে। মূলত প্রতিনিধিদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার ওপরই বিশেষ গুরুত্ব দিচ্ছে পাকিস্তান সরকার। মধ্যস্থতা প্রক্রিয়ার অংশ হিসেবে গত বৃহস্পতিবার পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরান সফর করেছেন, যা এই সংলাপের প্রেক্ষাপট তৈরিতে বড় ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে দীর্ঘ ৪০ দিন যুদ্ধের পর ৮ এপ্রিল ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। যুদ্ধবিরতির তৃতীয় দিনে ইসলামাবাদে প্রথম দফায় টানা ২১ ঘণ্টা আলোচনা হলেও কোনো স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়নি। প্রথম দফার সংলাপ ব্যর্থ হওয়ার পর উভয় দেশই দ্বিতীয় দফায় আলোচনার আগ্রহ প্রকাশ করে এবং ভেন্যু হিসেবে ইসলামাবাদের নামেই সম্মতি দেয়। পাকিস্তান শুরু থেকেই এই সংকটে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।

সূত্র : আনাদোলু এজেন্সি, পিটিআই