‘কান্না থামা, নাইলে মাইরা ফালামু’: মুখ চেপে তিন মাসের শিশুকে হত্যার অভিযোগ

0
‘কান্না থামা, নাইলে মাইরা ফালামু’ বলে শিশুকে হত্যার অভিযোগ; ঘাতক সৎবাবা গ্রেফতার।। ছবি: প্রতীকী

রাজধানীর দারুস সালামের বর্ধনবাড়ী এলাকায় তিন মাস বয়সী এক শিশুকে মুখ চেপে ধরে হত্যার অভিযোগ উঠেছে তার সৎবাবার বিরুদ্ধে। আজ শুক্রবার ভোরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর মা রাজিয়া খাতুনের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত অপূর্বকে গ্রেফতার করেছে।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া জানান, অপূর্ব তাঁর স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। ভোরে শিশুটি বিছানায় কান্নাকাটি শুরু করলে অপূর্ব ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি স্ত্রীকে হুমকি দিয়ে বলেন, ‘বাচ্চার কান্না থামা, নাইলে মাইরা ফালামু’। শিশুর কান্না থামছে না দেখে একপর্যায়ে অপূর্ব শিশুটির মুখ চেপে ধরেন। এতে দম বন্ধ হয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

ঘটনার পর রাজিয়া খাতুনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অপূর্বকে আটক করে থানায় সোপর্দ করেন। পুলিশ সূত্রে জানা গেছে, অপূর্ব এর আগে মাদক মামলায় কারাগারে ছিলেন এবং মাত্র এক সপ্তাহ আগে জামিনে মুক্তি পেয়ে রাজিয়াকে বিয়ে করেন। এই ঘটনায় রাজিয়া খাতুন দারুস সালাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।