শিক্ষাই জাতির মেরুদণ্ড: নুরুজ্জামান লিটন

0
ছবি: সংগৃহীত।

যশোরের শার্শা উপজেলার ৯ নং উলাশী ইউনিয়নের ঐতিহ্যবাহী কন্যাদহ দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের এসএসসি (দাখিল) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। তোমরাই দেশর আগামী দিনের ভবিষ্যৎ।নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম দেশজুড়ে ছড়িয়ে দিতে হবে। ভবিষ্যতে তোমাদের মধ্য থেকেই এই প্রতিষ্ঠানের শিক্ষকসহ দেশের যোগ্য নাগরিক ও নেতৃত্ব তৈরি হবে। তাই প্রতিটি শিক্ষার্থীকে একাগ্রতার সাথে পরীক্ষায় অংশগ্রহণ করে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী, যুগ্ম সম্পাদক শফিউর রহমান শফি, বেনাপোল পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মীর আলমসহ মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।