স্টাফ রিপোর্টার ॥ অজ্ঞান পার্টির কবলে পড়ে শ্যালক, ভগ্নিপতিসহ ৪ জন লক্ষাধিক টাকা ও মালামাল খুঁইয়েছেন। গুরুতর অবস্থায় তাদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এরা হচ্ছেন চুয়াডাঙ্গা সদর উপজেলার তালতলা এলাকার মো. লোকমান হোসেন (৫০) তার সহোদর আকরাম হোসেন (৪০) ভগ্নিপতি মো. ইসলাম (৪০) ও যশোর শহরের কারবালা এলাকার আনোয়ার হোসেনের পুত্র আবিদ হোসেন (২০)। আকরাম হোসেন ট্রাক চালক ও মো. ইসলাম ট্রাকের হেলপার।
আত্মীয় নাজমা খাতুন জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে আকরাম, ইসলাম ও লোকমান ৩ জন স্থানীয় শিয়ালমারী হাটে গরু কিনতে যাচ্ছিলেন। এ সময় তাদের কাছে ১ লাখ টাকা ছিল। চুয়াডাঙ্গা বাজারে ৩ জনে পেয়ারা কিনে খাওয়ার পর অজ্ঞান হয়ে পড়েন। তখন দুর্বৃত্তরা তাদের কাছ থেকে ১ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। সং বাদ পেয়ে বাড়ির লোকজন ৩ জনকে এদিন সন্ধ্যায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তির ২৪ ঘন্টা পার হলেও তাদের স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি। একই দিন দুপুরে অজ্ঞান পার্টির কবলে টাকা ও মোবাইল ফোন খুঁইয়েছেন আবিদ হোসেন। হাসপাতালে ভর্তি করার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
অজ্ঞান পার্টির কবলে আরও চারজন
যশোরে কারবালা স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ কারবালা স্মরণে যশোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইনকিলাবে মাহদি মিশন এই সভার আয়োজন করে। শহরের আরএন রোডস্থ ইনকিলাবে মাহদি মিশন কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন। প্রতিষ্ঠানের পরিচালক মো. সিরাজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইরাকের নাযাফ থেকে আগত হুজ্জাতুল ইসলাম সাইয়েদ মাওলানা জামিন হুসাইন নাফাফী। বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমান রুহানীর সেক্রেটারি হুসাইন সায়েদ হাবিব রিজা। মুড়লি ইমাম বাড়ির পেশ ইমাম ইকবাল হুসাইন, উপদেষ্টা আতাহার হুসাইন, ডা. শাহাবুদ্দিন প্রমুখ। কারবালা স্মরণে এই আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছায় বাসের নিচে চাপা পড়ে ভাটা শ্রমিক নিহত
স্টাফ রিপোর্টার ॥ যশোর-বেনাপোল সড়কের হাজেরালী নামক স্থানে যাত্রীবাহী বাসের চাপায় সুরত আলী (৬৫) নামে ইটভাটার এক শ্রমিক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। ঝিকরগাছা থেকে বাজার করে সুরত আলী হাজের আলী গ্রামে ইজিবাইক থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় যশোর থেকে একটি বাস (যশোর-জ-১১-০০৩১) যাত্রী নিয়ে সাতক্ষীরায় যাওয়ার পথে রাত ৮টার দিকে সুরত আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। নাভারণ হাইওয়ে পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। নিহত সুরত আলী হাজেরালী গ্রামের একটি ভাটার শ্রমিক। তিনি সেখানে বসবাস করেন।
ছুটি শেষে আবার জাগছে ইউরোপিয়ান লিগগুলো
লোকসমাজ ডেস্ক ॥ বড়দিন ও নতুন বছরের ছুটিতে বন্ধ থাকে ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ লিগগুলো। ব্যতিক্রম শুধু ইংল্যান্ড। ঐতিহ্য মেনে বক্সিং ডে ও বছরের প্রথম দিনে মাঠে গড়ায় প্রিমিয়ার লিগ। গত দুই সপ্তাহ তাদের সৌজন্যেই জেগে ছিল ইউরোপিয়ান ফুটবল। তবে শীতকালীন বিরতি শেষে আবারও জমে উঠছে লিগগুলো। শুক্রবার রাত থেকেই যেমন শুরু হয়ে গেছে লা লিগা। বিরতির পর নতুন বছর শুরুর অপেক্ষায় স্প্যানিশ, ইতালিয়ান ও ফরাসি লিগ। স্পেনের লা লিগা আজ রাত থেকে শুরু হলেও তিন পরাশক্তি- বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ নামবে শনিবার। বার্সেলোনা ২০১৯ সাল শেষ করেছে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে। সেটা ধরে রাখতে ২০২০ সাল শুরু করবে কাতালান ডার্বি দিয়ে। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ২টায় নগর প্রতিপক্ষ এসপানিওলের মাঠে নামবেন লিওনেল মেসিরা।
তার আগেই অবশ্য শীর্ষে ফেরার সুযোগ থাকছে রিয়ালের। অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে বছরের শেষ ম্যাচ ড্র করায় বার্সেলোনার চেয়ে ২ পয়েন্টে পিছিয়ে পড়েছে তারা। তবে শনিবার গেতাফের মাঠে গিয়ে ব্যবধান ঘোচানোর সুযোগ থাকছে ‘লস ব্লাঙ্কোদের’। কেননা বার্সেলোনার মাঠে নামার আগেই বাংলাদেশ সময় রাত ৯ টায় খেলবে রিয়াল। চতুর্থ স্থানে থাকা আতলেতিকোও বছরের প্রথম ম্যাচ খেলবে শনিবার। ঘরের মাঠে তারা মুখোমুখি হবে লেভান্তের। মাদ্রিদের ‘ছোটদের’ টপকে তৃতীয় স্থানে থাকা সেভিয়া শুক্রবার রাতেই ঘরের মাঠে দাঁড়াবে বিলবাওয়ের সামনে।
এ সপ্তাহান্তে প্রিমিয়ার লিগ নেই। ইংলিশ ক্লাবগুলো নামবে এফএ কাপের মিশনে। শনিবার শিরোপা ধরে রাখার অভিযাত্রায় ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ চতুর্থ বিভাগের দল পোর্ট ভ্যালি। ম্যানচেস্টার ইউনাইটেড খেলতে যাবে প্রিমিয়ার লিগ প্রতিপক্ষ উলভারহ্যাম্পটনের মাঠে।
জার্মানির বুন্দেসলিগা আবার মাঠে গড়াবে ১৮ জানুয়ারি থেকে। ফরাসি লিগ ওয়ান শুরু হবে আরও এক সপ্তাহ পর। তবে ফ্রান্সের ঘরোয়া ফুটবল জমে উঠছে ফরাসি কাপ দিয়ে। শনিবার মাঠে নামবে লিওঁ, নতেঁ ও স্তাদে রেনের মতো দলগুলো। আর রবিবার শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে প্যারিস সেন্ত জার্মেই। রবিবার শুরু হবে সিরি ‘আ’। ইন্টার মিলান ও জুভেন্টাসের শীর্ষস্থানের লড়াই জমিয়ে দিয়েছে ইতালিয়ান লিগ। ১৭ ম্যাচ শেষে জুভেন্টাসের সমান ৪২ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে থেকে ২০১৯ সাল শেষ করেছে ইন্টার। নতুন বছরে তাদের টপকে নবম স্কুদেত্তো জেতাই হবে জুভেদের লক্ষ্য। দুই দলই অবশ্য বছরের প্রথম ম্যাচ খেলবে সোমবার। ঘরের মাঠে জুভেন্টাস আতিথ্য দেবে চলতি মৌসুমে দারুণ খেলা ক্যালিয়ারিকে। ইন্টারের কাজ তো আরও কঠিন। আন্তোনিও কন্তের দল খেলতে যাবে নাপোলির মাঠে।
বিশ্বকাপে খেলতে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
লোকসমাজ ডেস্ক ॥অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিতে আজ সন্ধ্যায় এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছে বাংলাদেশ যুবদল। দক্ষিণ আফ্রিকায় ১৮ জানুয়ারি থেকে শুরু ১৬ দলের আইসিসি অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ। কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে একটু আগেই জোহানেসবার্গের উদ্দেশে দেশ ছেড়েছে তারা। বিশ্বকাপে গ্রুপ ‘সি’তে অবস্থান বাংলাদেশের। গ্রুপে প্রতিপক্ষ জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও পাকিস্তান। ১৮ জানুয়ারি উদ্বোধনী দিনেই বাংলাদেশ মুখোমুখি হবে জিম্বাবুয়ের। গত বছর আকবর আলীর নেতৃত্বে দারুণ একটি বছর কাটিয়েছে অনূর্ধ্ব-১৯ দল। তাই এবারের টুর্নামেন্টে তাদের কাছে প্রত্যাশা একটু বেশি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আকবর আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয়, তানজিদ হাসান, পারভেজ হোসেন , প্রান্তিক নওরোজ , মাহমুদুল হাসান , শাহাদাত হোসেইন, শামীম হোসেইন, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান , অভিষেক দাস, শরীফুল ইসলাম, শাহীন আলম, রাকিবুল হাসান, হাসান মুরাদ।
পোপের ব্যাটে মুখরক্ষা ইংল্যান্ডের
লোকসমাজ ডেস্ক ॥ টস জিতে খুব খুশি জো রুট। বলেই ফেললেন, ‘দেখে মনে হচ্ছে ব্যাটিং উইকেট। আশা করি সুযোগ কাজে লাগিয়ে ভালো রান করতে পারবো।’ কিন্তু কেপটাউন টেস্টের প্রথম দিন শেষে স্কোরবোর্ডের দিকে তাকালে ইংল্যান্ড অধিনায়কের মন খারাপ হবেই। ৯ উইকেট হারিয়ে তার দলের রান ২৬২। দুটি দুঃসংবাদ নিয়ে ম্যাচটা শুরু করেছে ইংল্যান্ড। আগের দিন অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে গোড়ালিতে চোট পাওয়া ওপেনার রোরি বার্নসের সিরিজ শেষ। কনুইয়ের চোটে পেসার জোফরা আর্চারও খেলতে পারবেন না। সেঞ্চুরিয়নে ব্যর্থ (১ ও ৯ রান) জনি বেয়ারস্টোকে বাদ দিয়ে একাদশে জ্যাক ক্রলি, ওলি পোপ আর ডমিনিক বেসকে রেখেছে সফরকারী দল। শেষ পর্যন্ত পোপের ব্যাটেই মুখরক্ষা হয়েছে ইংল্যান্ডের।
দিনের তৃতীয় ওভারে ক্রলিকে হারালেও রুট-সিবলি-ডেনলিদের ব্যাট প্রতিরোধের ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু কেউই চল্লিশের ঘরে যেতে পারেনি। রুটের দায় সবচেয়ে বেশি, স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে যাওয়ার দুই বল পরই কট বিহাইন্ড হয়েছেন। ইংল্যান্ড অধিনায়কের পর বেন স্টোকসকেও (৪৭) ফিরিয়েছেন আইনরিখ নর্কিয়া। তবে দাঁড়িয়ে গেছেন পঞ্চম টেস্ট খেলতে নামা পোপ। শেষ উইকেটে জেমস অ্যান্ডারসনের সঙ্গে ২৮ রানের জুটি গড়া এই ডানহাতি ব্যাটসম্যান ৫৬ রানে অপরাজিত।
সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৬২/৯ (ক্রলি ৪, সিবলি ৩৪, ডেনলি ৩৮, রুট ৩৫, স্টোকস ৪৭, পোপ ৫৬*, বাটলার ২৯, কারেন ৯, বেস ০, ব্রড ১, অ্যান্ডারসন ৩*; প্রিটোরিয়াস ২/২৬, ফিল্যান্ডার ২/৪৬, নর্কিয়া ২/৫৪, রাবাদা ২/৬৩, মহারাজ ১/৬৮)
মোংলা বন্দরে জাহাজডুবি, ১৪ নাবিক উদ্ধার
মোংলা প্রতিনিধি॥ মোংলা বন্দরের ফেয়ারওয়ে (বহির্নোঙর) এলাকায় সারবোঝাই একটি কার্গো (লাইটারেজ) জাহাজ ডুবে গেছে। শুক্রবার (৩ ডিসেম্বর) ভোরে এ দুর্ঘটনার পরপরই জাহাজের ১৪ নাবিককে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড। তাদের সুন্দরবনে কোস্টগার্ডের দুবলা ক্যাম্পে রাখা হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট ইমতিয়াজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। ঘন কুয়াশায় দিক হারিয়ে জাহাজটি দুর্ঘটনার শিকার হয় বলে জানিয়েছেন বন্দরের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন। ইমতিয়াজ আলম কোস্টগার্ডে দুবলা ক্যাম্পের বরাত দিয়ে বলেন, “শুক্রবার ভোরে বন্দরের ফেয়ারওয়ে সংলগ্ন মেহের আলী এলাকায় ‘নিউ পারভিন-২’ নামে একটি কার্গো জাহাজ ডুবতে দেখে আমাদের টহলরত কোস্টগার্ড সদস্যরা সেখানে ছুটে যান। পরে ওই জাহাজের ১৪ জন নাবিককে নিরাপদে সরিয়ে নিয়ে আসেন তারা।”
উদ্ধারকৃত নাবিকরা হলেন- জামাল হোসেন, উজ্জল হোসেন, আরাফাত হোসেন, সালমান মোল্লা, শাহাদাৎ হোসেন, হারুন মোল্লা, জাহাঙ্গীর আলম, রবিন শেখ, মাকিবুল ইসলাম, রফিকুল ইসলাম, আরিফ হোসেন, হাসান শেখ, মানিক শেখ ও ইমাম হোসেন। এদের বাড়ি নড়াইল, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, চট্টগ্রাম ও খুলনা জেলায় বলে জানান ইমতিয়াজ। এদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ফকর উদ্দিন জানান, “গত ১ জানুয়ারি রাতে বন্দরের ফেয়ারওয়েতে অবস্থানরত লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ ‘এমভি এন্টিগোনি’ থেকে সার নিয়ে ‘নিউ পারভিন-২’ নামে একটি কার্গো জাহাজ মোংলা বন্দরের দিকে আসছিল। মাঝখানে ঘন কুয়াশায় দিক হারিয়ে বন্দর চ্যানেল ফেয়ারওয়ের বাইরে দুর্ঘটনার কবলে পড়ে নিউ পারভিন-২। তবে বন্দর চ্যানেল নিরাপদ আছে।”
সাতক্ষীরায় ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামি নিহত
সাতক্ষীরা প্রতিনিধি॥ সাতক্ষীরায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত সর্দার জাকির হোসেন নিহত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) ভোর রাতে সাতক্ষীরা সদরের মাটিয়াডাঙ্গা গণঘের এলাকায় রাস্তার ওপর এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের দামারপোতা গ্রামের কিরামত গাজীর ছেলে। তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানাসহ বিভিন্ন থানায় চারটি খুনের ও দুটি ডাকাতিসহ ১৩টি মামলা আছে।
সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাউদ্দিন বলেন, ‘গোপন সংবাদে জানতে পারি সদরের মাটিয়াডাঙ্গা এলাকায় ডাকাতি হবে। এসময় মাটিয়াডাঙ্গা এলাকার গণঘের রাস্তার ওপর অভিযান চালালে ডাকাত সর্দার জাকির ও তার বাহিনী আমাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে শুরু করে। এসময় আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। আমরা পাল্টা গুলি ছুড়লে জাকির নিহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। নিহত জাকির হোসেন আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ও প্রফেশনাল কিলার। সে সাতক্ষীরাসহ জেলার বিভিন্ন এলাকায় ডাকাতিসহ সুন্দরবনে দস্যুতা করতো। তার নামে খুন-ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা রয়েছে।’
পাটকল শ্রমিকরা শনিবার ফিরছেন কাজে
খুলনা প্রতিনিধি॥ দাবি দাওয়া মেনে নেওয়ার আশ্বাসে শনিবার (৪ জানুয়ারি) থেকে কাজে যোগ দিচ্ছেন রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিক-কর্মচারীরা। এরআগে, ১৬ জানুয়ারির মধ্যে মজুরি কমিশন স্লিপ হাতে পৌঁছানো ও অন্যান্য দাবি বাস্তবায়নের আশ্বাসে বৃহস্পতিবার (২ জানুয়ারি) অনশন কর্মসূচি স্থগিত করে রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ।
পাটকল শ্রমিক সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক মো. মুরাদ হােসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈঠকে ১১ দফার অন্যতম মজুরি কমিশন বাস্তবায়ন আগে হবে। তারপর পর্যায়ক্রমে অন্য দাবিগুলো বাস্তবায়ন হবে- পাটমন্ত্রীর এমন ঘোষণার পর অনশন প্রত্যাহার করা হয়েছে। শনিবার সকাল থেকে মিলে উৎপাদন শুরু হবে।
বিজএমসির চেয়ারম্যান মো. আব্দুর রউফ জানান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে ত্রিপক্ষীয় বৈঠকে মজুরি কমিশন দেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকে বস্ত্র ও পাটমন্ত্রী গােলাম দস্তগীর গাজী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান উপস্থিত ছিলেন। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ- নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে দ্বিতীয় পর্যায়ে গত ২৯ ডিসেম্বর শুরু হয়ে অনশন ২ জানুয়ারি রাত অবধি চলে। খুলনার খালিশপুর, আটরা ও নওয়াপাড়ার রাজঘাট শিল্প এলাকার পাটকলে বিক্ষাভ ও অনশন কর্মসূচিত অংশ নিয়ে শ্রমিক-কর্মচারীরা আন্দােলন চালিয়ে যান। পাঁচ দিনের আন্দোলনে মােট ৫৫ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর ১১ দফা দাবিতে ৬ দিনের কর্মসূচির ডাক দেয় রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ। গত ২৫ নভেম্বর থেকে কর্মসূচি শুরু হয়। আর ১০ ডিসেম্বর শুরু হয় আমরণ অনশন। অনশনের চতুর্থ দিন ১৩ ডিসেম্বর মিল এলাকায় ছিল উত্তাপ আর তীব্র উত্তজনা। অনশনে অসুস্থ হয়ে ১২ ডিসেম্বর সন্ধ্যায় মৃত শ্রমিক আব্দুস সাত্তারের জানাজা ১৩ ডিসেম্বর সকাল ১০টায় প্লটিনাম জুট মিল গেটে বিআইডিসি সড়কে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পটুয়াখালী জেলার কলাপাড়ায় তাকে দাফন করা হয়। আমরণ অনশনের চার দিনে দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। ১৩ ডিসেম্বর রাতে শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর নেতারা শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন এবং গভীর রাতে অনশন তিন দিনের জন্য স্থগিত করেন। সর্বশেষ গত ২৬ ডিসেম্বর রাজধানীতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক হয়। তৃতীয় দফার এই বৈঠক থেকে বের হয়ে শ্রমিক নেতারা জানান, মজুরি কমিশন বাস্তবায়নের বিষয়ে শ্রম প্রতিমন্ত্রী আরও এক মাস সময় চেয়েছেন। তবে এক মাস পর আসলেই মজুরি কমিশন বাস্তবায়ন হবে কিনা তা অনিশ্চিত। শুধু শুধু সময়ক্ষেপণ করার জন্য এক মাসের কথা বলা হচ্ছে।
রোহিঙ্গা ক্যাম্পে ১২শ’ টাকার জন্য খুন!
লোকসমাজ ডেস্ক ॥ কক্সবাজারের টেকনাফে এক রোহিঙ্গা ক্যাম্পে পাওনা টাকাকে কেন্দ্র এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩ জানুয়ারি) রাত ৭টার দিকে টেকনাফের হোয়াই্যংয়ের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহতের নাম আবু তৈয়ুব (৩৫)। তিনি উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের ১৩২১ নাম্বার ঘরের বাসিন্দা মোহাম্মদ আলমের ছেলে। তবে তিনি এর আগে বালুখালী ১২ নাম্বার ক্যাম্পের ডি-৪ এ বাস করতেন।
রোহিঙ্গারা জানায়, শুক্রবার রাতে উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের প্রধান সড়কে পাওনা টাকাকে কেন্দ্র করে সৈয়দুল আমিন ও আবু তৈয়ুবের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সৈয়দুল দা দিয়ে তৈয়ুবকে কুপিয়ে জখম করে। পরে ক্যাম্পের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৈয়ুবকে মৃত ঘোষণা করেন। টেকনাফের হোয়াই্যং উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান মোহাম্মদ রফিক বলেন, ‘ক্যাম্পে পাওনা টাকাকে কেন্দ্র করে একজন নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এলে লাশ নিয়ে গেছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।’ হোয়াই্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ নাজমুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকারীকে ধরতে পুলিশের অভিযান চলছে।’










