সন্ধ্যা ৬টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সরকারি সিদ্ধান্তই বহাল

0
জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৬টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সরকারি সিদ্ধান্তই বহাল থাকছে।। ছবি: এআই জেনারেটেড/লোকসমাজ

লোকসমাজ ডেস্ক ॥ বিশ্বজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সন্ধ্যা ৬টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তই বহাল থাকছে। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বিদ্যুৎ ভবনে দোকান ও শপিংমল ব্যবসায়ী মালিক সমিতির নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এই তথ্য নিশ্চিত করেন।

বৈঠকে মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলা ও বিদ্যুৎ সাশ্রয়ে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সময়সীমা পরিবর্তনের কোনো সুযোগ নেই। তিনি জাতীয় স্বার্থে ব্যবসায়ীদের এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।

বৈঠক শেষে দোকান মালিক সমিতির নেতারা সরকারের এই সিদ্ধান্তের প্রতি একাত্মতা প্রকাশ করেন। বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় নিয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার নির্দেশনা মেনে নেওয়ার কথা নিশ্চিত করেছেন তারা। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে সময়সীমা পুনর্নির্ধারণের বিষয়ে আলোচনার অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। প্রশাসন এই সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়মিত তদারকি করবে বলেও বৈঠকে জানানো হয়।