নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স, চলছে তুমুল লড়াই

0
মার্কিন স্পেশাল ফোর্সের কমান্ডোরা ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক ক্রু সদস্যকে উদ্ধারে ইরানি ভূখণ্ডে প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের কমান্ডোরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে এই বিশেষ উদ্ধার অভিযান শুরু হয়। মার্কিন বাহিনীর এই প্রবেশের ফলে সংশ্লিষ্ট এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, ইতোমধ্যে অভিযানে যুদ্ধবিমানটির একজন ক্রু সদস্যকে সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে দ্বিতীয় সদস্যের অবস্থান এখনো শনাক্ত করা যায়নি। যুক্তরাষ্ট্রের সাবেক প্যারারেস্কিউ কমান্ডারদের মতে, নিখোঁজ পাইলটকে খুঁজে পেতে ব্ল্যাকহক হেলিকপ্টার এবং প্রয়োজনে এসি-১৩০ গানশিপ ব্যবহার করে স্থলপথেও অভিযান চালানো হচ্ছে।

অন্যদিকে, নিখোঁজ মার্কিন পাইলটকে জীবিত অথবা মৃত উদ্ধারে ইরানও বড় ধরনের অভিযান পরিচালনা করছে। তেহরানের পক্ষ থেকে মার্কিন পাইলটকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছে। দুই দেশের সামরিক বাহিনীর এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে ওই অঞ্চলে একটি সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে।