কদমতলীর গ্যাসলাইটার কারখানায় আগুন নিয়ন্ত্রণে: ৫ মরদেহ উদ্ধার, দগ্ধ ১ জন ঢামেকে ভর্তি

0
কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ রাজধানীর কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (৪ এপ্রিল) দুপুরে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, দুপুর ১টা ১৩ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো। দুপুর ২টা ৩০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তল্লাশি চালিয়ে এখন পর্যন্ত ভেতর থেকে ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় দগ্ধ এক পুরুষকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, আগুনের তীব্রতা বিবেচনায় একে একে মোট ৭টি ইউনিট অগ্নিনির্বাপণ কাজে যোগ দেয়। ইউনিটগুলোর সম্মিলিত প্রচেষ্টায় আগুন কারখানার বাইরে ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার কাজ ও ক্ষয়ক্ষতি নিরূপণের প্রক্রিয়া চলছে।