ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা: কাল থেকে লেনদেন ১০টা থেকে ৩টা

0
কাল থেকে নির্ধারিত নতুন সময়ে লেনদেন করতে পারবেন ব্যাংক গ্রাহকরা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব তফসিলি ব্যাংকের লেনদেনের সময়সীমা এক ঘণ্টা কমানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত লেনদেন চলবে। আগে এই সময়সীমা ছিল বিকেল ৪টা পর্যন্ত।

শনিবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট ও অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন সময়সূচি ঘোষণা করেছে। প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যাংকগুলোর অফিস সময় হবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তবে গ্রাহক লেনদেন বেলা ৩টার মধ্যেই সম্পন্ন করতে হবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি আগের মতোই বলবৎ থাকবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বিশেষ প্রয়োজনে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংকের শাখা, উপশাখা এবং বুথগুলো আগের নিয়মেই (২০১৯ সালের ডিওএস সার্কুলার অনুযায়ী) ২৪ ঘণ্টা চালু থাকবে। ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।