‘জীবনে কখনো প্রথম হতে পারিনি, আজ হলাম’: লাক্স সুপারস্টার ২০২৫ বর্ণিতা

0
বিদুষী বর্ণিতা ।। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক ॥ দীর্ঘ সাত বছরের বিরতি কাটিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন ‘লাক্স সুপারস্টার’ পেল বাংলাদেশ। শুক্রবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে ২০২৫ সালের বিজয়ীর মুকুট মাথায় তুললেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। লক্ষাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা দশে জায়গা করে নেওয়া এবং চূড়ান্ত পর্বে বিচারকদের মন জয় করে এই গৌরব অর্জন করেন তিনি।

বিজয়ীর ট্রফি হাতে নিয়ে আবেগাপ্লুত বর্ণিতা সাংবাদিকদের জানান, শিক্ষা জীবন থেকে শুরু করে কোথাও এর আগে তিনি প্রথম হতে পারেননি। সব সময় দ্বিতীয় বা তৃতীয় হওয়ার আক্ষেপ ঘুচিয়ে অবশেষে এই মর্যাদাপূর্ণ মঞ্চে প্রথম হওয়ার স্বপ্ন পূরণ হলো তাঁর। ট্রফির পাশাপাশি পুরস্কার হিসেবে তিনি পাচ্ছেন একটি বিলাসবহুল গাড়ি এবং ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে পরিচালক রায়হান রাফীর সিনেমায় অভিনয়ের বিশেষ সুযোগ।

এবারের আসরে প্রথম রানারআপ হয়েছেন নাযাহ নাওয়ার বিনতে নুরুল এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম। প্রতিযোগিতার মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও রায়হান রাফী। ২০০৫ সালে শুরু হওয়া এই জনপ্রিয় প্রতিযোগিতার দশম আসরটি গত বছরের সেপ্টেম্বর থেকে চ্যানেল আইয়ে সম্প্রচারিত হয়ে আসছিল। বিজয়ীর মুকুট অর্জনের মাধ্যমে বর্ণিতার সামনে বিনোদন জগতের এক নতুন দুয়ার উন্মোচিত হলো।