সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ: রোনান সুলিভানদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

0

স্পোর্টস ডেস্ক ॥ মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামে ভারতকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে পরাজিত করে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর ম্যাচটি ভাগ্যনির্ধারণী টাইব্রেকারে গড়ায়। এই ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই গৌরবোজ্জ্বল বিজয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন। দেশপ্রেম আর টিম স্পিরিটে উজ্জীবিত আমাদের সাহসী তরুণেরা প্রমাণ করেছে—ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে বাংলাদেশের বিজয়রথ অব্যাহত থাকবে।” তিনি আরও উল্লেখ করেন যে, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকারের গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়ন শুরু হয়েছে।

টাইব্রেকারে বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন ভারতের প্রথম শটটি রুখে দিয়ে দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেন। বাংলাদেশের পক্ষে মোর্শেদ, চন্দন ও রিয়াদ ফাহিম সফলভাবে গোল করেন। নাটুকে মুহূর্তে চতুর্থ শটটি মিস হলেও ভারতের পঞ্চম শট লক্ষ্যভ্রষ্ট হলে জয়ের পথ প্রশস্ত হয়। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রপ্রবাসী ফুটবলার রোনান সুলিভান চূড়ান্ত শটে গোল করে বাংলাদেশকে শিরোপার উল্লাসে ভাসান।