লোকসমাজ ডেস্ক ॥ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত নিরসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে পাঠানো একটি ১৫ দফার শান্তি প্রস্তাব বা যুদ্ধবিরতির নথি পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ইসলামাবাদের জ্যেষ্ঠ সরকারি সূত্রগুলো আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।
ইরানের কাছে যুক্তরাষ্ট্রের ১৫ দফা শান্তি প্রস্তাব পৌঁছে দিল পাকিস্তান

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল

লোকসমাজ ডেস্ক ॥ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজলকে দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই নিয়োগ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রজ্ঞাপন জারির পর আজ বিকেলেই তিনি আনুষ্ঠানিকভাবে নিজ কর্মস্থলে যোগদান করেছেন।
যশোরে ক্যাফে নুর হোটেলকে লাখ টাকা জরিমানা, পচা মাংস জব্দ
স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের আর এন রোডে অবস্থিত ক্যাফে নুর হোটেলে অভিযান চালিয়ে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার বেলা ১১ টায় এ অভিযান পরিচালনা করা হয়।
সূত্র জানায় , অভিযানে গিয়ে কর্মকর্তারা হোটেলের ফ্রিজে বাসি মাংস ও পচা খাবার দেখতে পান। এছাড়া রান্নাঘরের পরিবেশ অত্যন্ত অপরিচ্ছন্ন ছিল এবং সর্বত্র তেলাপোকার উপস্থিতি লক্ষ্য করা যায়। বিরিয়ানি তৈরির জন্য ব্যবহৃত বিভিন্ন উপাদানেও কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম বা মেয়াদোত্তীর্ণের তথ্য পাওয়া যায়নি। এছাড়াও পোড়া তেল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
যশোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, মঙ্গলবার রাতে ওই হোটেল থেকে ২৪ প্যাকেট বিরিয়ানি কিনে নেওয়ার পর তা খেয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।
এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি তাদের নজরে আসে। এরপর বুধবার সকালে তার নেতৃত্বে একটি টিম হোটেলটিতে অভিযান চালায়। অভিযানে নানা অসঙ্গতি উঠে আসে।
তার জেরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা, ৩৭ ধারায় ২৫ হাজার টাকা এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য পরিবেশনে ব্যর্থতার জন্য আরও ২৫ হাজার টাকা মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিক মুকুল হোসেন বকুলকে সতর্ক করা হয়েছে। এ অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও পুলিশ সদস্যরাও অংশ নেন।
সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
লোকসমাজ ডেস্ক ॥ সারা দেশে শহর ও গ্রাম অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগে দেওয়া সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চোধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গঠিত কমিটির কার্যপরিধি অনুযায়ী ঈদুল ফিতর ২০২৬-এর ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং বছরব্যাপী এ কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
এতে আরও বলা হয়, বিষয়টি অতীব জরুরি। এমতাবস্থায় আপনার অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিম্নোক্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো-
১. ঈদুল ফিতর ২০২৬-এর ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পূর্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
২. প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নিয়মিত তদারকি জোরদার করতে হবে।
৩. প্রতি সপ্তাহে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।
৪. শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ ও বাগান পরিচর্যা নিশ্চিত করতে হবে।
৫. শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে উদ্বুদ্ধকরণ কার্যক্রম গ্রহণ করতে হবে।
মাসুদ উদ্দিনকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন
লোকসমাজ ডেস্ক ॥ মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) মামলাটির তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ এই আবেদন করেন। আসামির উপস্থিতিতে এ সংক্রান্ত আবেদনের ওপর শুনানির জন্য আগামী ৯ এপ্রিল তারিখ ধার্য করেছেন ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মঈনউদ্দীন চৌধুরী। দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার রাজধানীর পল্টন থানার মানবপাচারসংক্রান্ত এক মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মাসুদ উদ্দিন চৌধুরীকে গত সোমবার মধ্যরাতে ঢাকার বারিধারা ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
আজ আদালতে দুদকের আবেদনে বলা হয়, আসামি মাসুদ উদ্দিন চৌধুরী ৭ হাজার ১২৪ জনকে মালয়েশিয়ায় পাঠানোর জন্য তাদের কাছ থেকে নির্ধারিত ফির অতিরিক্ত ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা গ্রহণ করেন। এ জন্য তার বিরুদ্ধে দুদক আইনে মামলা হয়েছে। তাই সুষ্ঠ তদন্তের স্বার্থে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস হার্ডারের সঙ্গে ডা.জুবাইদা রহমানের বৈঠক
লোকসমাজ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে হার্ডারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডা. জুবাইদা রহমান বৈঠক করেছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিটের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
জানা যায়, বৈঠকে ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়ন, শিশুদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ, এবং শিক্ষা ও জনস্বাস্থ্য খাতে টেকসই অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
একইসঙ্গে পরিবারভিত্তিক সহায়তা কর্মসূচি, শিশুদের পুষ্টি ও মানসিক বিকাশ, এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে পারস্পরিক সহযোগিতার ওপর বিশেশভাবে গুরুত্বারোপ করা হয়।
হোয়াইট হাউসের উদ্যোগে দুদিনব্যাপী ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিটের উদ্বোধন করেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে দুদিনব্যাপী সম্মেলনে বিশ্বের পঁয়তাল্লিশটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের স্ত্রী, ফার্স্ট লেডি ও ফার্স্ট জেন্টেলম্যান এবং সমমর্যাদার নেতাদের সঙ্গে যোগ দেন ডা. জুবাইদা রহমান।
এসময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম, প্রধানমন্ত্রীর সিনিয়র চিকিৎসা কর্মকর্তা ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, নারী উদ্যোক্তা মিস মেহনাজ মান্নান, যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অব মিশন ডি. এম. সালাহউদ্দিন মাহমুদ।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধ
লোকসমাজ ডেস্ক ॥ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের দুটি দলের মধ্যে গোলাগুলি হয়েছে। এ সময় আবদুর রহিম (৫৫) নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১০টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের আফজাল রোডের মুখে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। একইসঙ্গে এ ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ।
গুলিবিদ্ধ আবদুর রহিম ইউনিয়নের শেখপুর গ্রামের শামছুল হকের ছেলে এবং পেশায় গাছ ব্যবসায়ী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এলাকায় প্রভাব বিস্তারের জেরে সন্ত্রাসীদের দুটি পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এর মধ্যে একটি পক্ষের নেতৃত্বে ছিলেন ইউনিয়নের দেওপাড়া গ্রামের বাসিন্দা রাকিব পাটওয়ারি।
অপরদিকে অন্য পক্ষটির নেতৃত্ব দেন শেখপুর গ্রামের মিতুল। দুই পক্ষের গোলাগুলির সময় পথচারী আবদুর রহিম গুলিবিদ্ধ হন। এছাড়া মো. মানিক নামের এক ব্যক্তিকে এলোপাতাড়ি চেইন দিয়ে পিটিয়ে আহত করা হয়। আহত মো. মানিক সদর উপজেলার চরশাহী ইউনিয়নের পূর্ব জাফরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
এ বিষয়ে লক্ষ্মীপুর ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক সালাম সৌরভ বলেন, ‘আবদুর রহিমের বাম পায়ে গুলির আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’
চন্দ্রগঞ্জ থানার পুলিশের উপপরিদর্শক মো. কাউছার বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের দুটি পক্ষের গোলাগুলির সময় পাশ দিয়ে যাচ্ছিলেন পথচারী আবদুর রহিম। এ সময় তিনি গুলিবিদ্ধ হন।
গোলাগুলির ঘটনার খবর পেয়ে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক
লোকসমাজ ডেস্ক ॥ দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা ও সংকট মোকাবিলায় ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে এক উচ্চপর্যায়ের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে ঢাকা সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি সম্পন্ন হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে আসেন এবং তার কিছু দাপ্তরিক কাজ সারেন। এরপর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে তিনি ‘জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয়’ নিয়ে সভায় সভাপতিত্ব করেন।
জানা গেছে, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের কিছু দিন পর ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সূত্রপাত নতুন প্রশাসনের সামনে এক বিশাল অনিশ্চয়তা ও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে অস্থিরতা দেখা দিয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যসহ অন্যান্য ক্ষেত্রেও সংকটের প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, যা নবগঠিত সরকারের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আন্তর্জাতিক পরিস্থিতির এই ভয়াবহ অভিঘাত শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে বিশেষজ্ঞরা এখনো নিশ্চিত হতে পারছেন না। এমন সংকটময় পরিস্থিতি মোকাবিলায় সদ্য ক্ষমতাসীন সরকার ঠিক কতটা প্রস্তুত, তা নিয়ে বর্তমানে সর্বমহলে ব্যাপক আলোচনা চলছে।
উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ কার্যালয়ে এ জরুরি সভা করেন।
বেনজীন খান আদালত প্রাঙ্গনে হেনস্তার শিকার, জেইউজের নিন্দা
স্টাফ রিপোর্টার ॥ প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক নেতা বেনজীন খান হেনস্তার শিকার হয়েছেন। গতকাল যশোরের আদালত প্রাঙ্গণে দুজন আইনজীবী তাকে শারীরিকভাবে হেনস্তা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জজ আদালত (ঝিকরগাছা অঞ্চল) প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। এই বিষয়ে তিনি জেলা আইনজীবী সমিতির সভাপতিকে মৌখিকভাবে অবহিত করার পাশাপাশি সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
বেনজীন খান অভিযোগ করেছেন, তিনি জমিজমা সংক্রান্ত একটি মামলার বিবাদী এবং গত ১৫ বছর ধরে ওই মামলায় নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আসছেন। মঙ্গলবার মামলার হাজিরার দিন শেষে আদালতের বারান্দায় বাদী পক্ষের আইনজীবী আব্দুল লতিফ খোকন ও তার ছেলে আইনজীবী ইমাম বাপ্পীর সাথে তার দেখা হয়। পূর্বপরিচয় থাকায় তিনি হাস্যোজ্জ্বল মুখে আইনজীবী আব্দুল লতিফ খোকনের দিকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করেন এবং বলেন, ‘একদিন তো আমাদের সকলকে কবরে যেতে হবে।’
অভিযোগে বলা হয়, কথাটি শোনার সাথে সাথেই আইনজীবী আব্দুল লতিফ খোকন অগ্নিশর্মা হয়ে ওঠেন এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তিনি সাংবাদিক বেনজীন খানের দিকে তেড়ে আসেন।
এ সময় তার ছেলে আইনজীবী ইমাম বাপ্পীও মারমুখী আচরণ করেন এবং তাকে ধাক্কা দেন। সাংবাদিক বেনজীন খান প্রতিবাদ করে বলেন, ‘শরীরে হাত দিয়ে কথা বলা কি কোনো ভদ্রতা?’ এতে তারা আরও ক্ষিপ্ত হন এবং উপস্থিত লোকজনের সামনে হুমকি দিয়ে বলেন, ‘আপনি সাংবাদিক, যা পারেন লেখেন; দড়াটানায় আমার নামে বক্তৃতা দেন, তাতে আমাদের কিছুই হবে না।’ প্রকাশ্য আদালত প্রাঙ্গণে এমন অপমানজনক ও অশোভন আচরণে তিনি হতভম্ব হয়ে পড়েন।
বেনজীন খান জানান, বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা পিপি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুকে অবগত করেন। এরপর তার পরামর্শ অনুযায়ী দুপুরে সমিতি বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।
এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, সাংবাদিক বেনজীন খান দুজন আইনজীবীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি আমরা জেনেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
লেখক, গবেষক ও সাংবাদিক বেনজীন খানের সাথে দুইজন আইনজীবীর অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ।
১০টি শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত
লোকসমাজ ডেস্ক ॥ রমজান মাসজুড়ে বিদ্যালয়ে ছুটি ঘোষণা করায় শিখন ঘাটতি পূরণে ১০টি শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) অধিদফতরের উপপরিচালক মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক আদেশে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশ বাস্তবায়নের কথা বলা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।
পরিপত্রে বলা হয়, রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে রমজানের ছুটির পরে বিদ্যালয়সমূহে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা প্রদান করেছে।
এই অবস্থায় উক্ত বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।








