ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২শ লিটার ডিজেল উদ্ধার, ১০ হাজার টাকা জরিমানা

0
ছবি: সংগৃহীত।

কালিগঞ্জে মৌতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত করা ১২শ লিটার ডিজেল উদ্ধার করেছে যৌথবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার দুপুরে চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়িতে এ অভিযান চালানো হয়।

সেনাবাহিনী ও র‌্যাবের একটি চৌকস দলের যৌথ অভিযানে সাতক্ষীরা আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. তোফাজ্জল।

এ সময় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসতিয়াক অপু অবৈধভাবে ডিজেল মজুত করার অপরাধে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়লকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একজন জনপ্রতিনিধির বাড়ি থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল মুচলেকায় উল্লেখ করেন, জব্দকৃত ডিজেল কৃষি কাজের জন্য বৈধভাবে সংরক্ষণ করা হয়েছিল। তার নিজস্ব প্রায় ৫০ বিঘা জমিতে সেচ কার্যক্রম পরিচালনার জন্য এই জ্বালানি ব্যবহার করা হয়ে থাকে।

তিনি আরও বলেন, পরিবহন ও অন্যান্য সীমাবদ্ধতার কারণে তেল যথাসময়ে ব্যবহার করা সম্ভব হয়নি। ভবিষ্যতে প্রশাসনের অনুমতি ছাড়া কোনোপ্রকার জ্বালানি মজুদ করবেন না মর্মে তিনি অঙ্গীকার করেন।