যশোরে ক্যাফে নুর হোটেলকে লাখ টাকা জরিমানা, পচা মাংস জব্দ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের আর এন রোডে অবস্থিত ক্যাফে নুর হোটেলে অভিযান চালিয়ে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার বেলা ১১ টায় এ অভিযান পরিচালনা করা হয়।

সূত্র জানায় , অভিযানে গিয়ে কর্মকর্তারা হোটেলের ফ্রিজে বাসি মাংস ও পচা খাবার দেখতে পান। এছাড়া রান্নাঘরের পরিবেশ অত্যন্ত অপরিচ্ছন্ন ছিল এবং সর্বত্র তেলাপোকার উপস্থিতি লক্ষ্য করা যায়। বিরিয়ানি তৈরির জন্য ব্যবহৃত বিভিন্ন উপাদানেও কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম বা মেয়াদোত্তীর্ণের তথ্য পাওয়া যায়নি। এছাড়াও পোড়া তেল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

যশোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, মঙ্গলবার রাতে ওই হোটেল থেকে ২৪ প্যাকেট বিরিয়ানি কিনে নেওয়ার পর তা খেয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।

এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি তাদের নজরে আসে। এরপর বুধবার সকালে তার নেতৃত্বে একটি টিম হোটেলটিতে অভিযান চালায়। অভিযানে নানা অসঙ্গতি উঠে আসে।

তার জেরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা, ৩৭ ধারায় ২৫ হাজার টাকা এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য পরিবেশনে ব্যর্থতার জন্য আরও ২৫ হাজার টাকা মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিক মুকুল হোসেন বকুলকে সতর্ক করা হয়েছে। এ অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও পুলিশ সদস্যরাও অংশ নেন।