দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল

0
দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল। । ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥  সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজলকে দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই নিয়োগ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রজ্ঞাপন জারির পর আজ বিকেলেই তিনি আনুষ্ঠানিকভাবে নিজ কর্মস্থলে যোগদান করেছেন।

নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল সুদীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে আইন পেশায় জড়িত। তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এর আগে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এবং বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৫ সালে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে আইন পেশা শুরু করা রুহুল কুদ্দুস ২০২৩ সালে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
আইনি মেধার পাশাপাশি রুহুল কুদ্দুস কাজলের বর্ণাঢ্য আন্তর্জাতিক অভিজ্ঞতাও রয়েছে। তিনি ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে কূটনৈতিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম শেষ করার পর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পুনরায় এলএলবি ডিগ্রি এবং লিংকনস ইন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল সনদ অর্জন করেন। ছাত্রজীবনে তিনি সাংবাদিকতার সাথেও যুক্ত ছিলেন।
উল্লেখ্য যে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর মো. আসাদুজ্জামান ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন। গত বছরের ২৭ ডিসেম্বর তিনি জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য পদত্যাগ করলে পদটি শূন্য হয়। পরবর্তীতে আসাদুজ্জামান ঝিনাইদহ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং বর্তমানে তিনি সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। আসাদুজ্জামানের পদত্যাগের পর থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ এই পদের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন।