আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধ

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের দুটি দলের মধ্যে গোলাগুলি হয়েছে। এ সময় আবদুর রহিম (৫৫) নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত ১০টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের আফজাল রোডের মুখে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। একইসঙ্গে এ ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ।

গুলিবিদ্ধ আবদুর রহিম ইউনিয়নের শেখপুর গ্রামের শামছুল হকের ছেলে এবং পেশায় গাছ ব্যবসায়ী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এলাকায় প্রভাব বিস্তারের জেরে সন্ত্রাসীদের দুটি পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এর মধ্যে একটি পক্ষের নেতৃত্বে ছিলেন ইউনিয়নের দেওপাড়া গ্রামের বাসিন্দা রাকিব পাটওয়ারি।

অপরদিকে অন্য পক্ষটির নেতৃত্ব দেন শেখপুর গ্রামের মিতুল। দুই পক্ষের গোলাগুলির সময় পথচারী আবদুর রহিম গুলিবিদ্ধ হন। এছাড়া মো. মানিক নামের এক ব্যক্তিকে এলোপাতাড়ি চেইন দিয়ে পিটিয়ে আহত করা হয়। আহত মো. মানিক সদর উপজেলার চরশাহী ইউনিয়নের পূর্ব জাফরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।

এ বিষয়ে লক্ষ্মীপুর ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক সালাম সৌরভ বলেন, ‘আবদুর রহিমের বাম পায়ে গুলির আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

চন্দ্রগঞ্জ থানার পুলিশের উপপরিদর্শক মো. কাউছার বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের দুটি পক্ষের গোলাগুলির সময় পাশ দিয়ে যাচ্ছিলেন পথচারী আবদুর রহিম। এ সময় তিনি গুলিবিদ্ধ হন।

গোলাগুলির ঘটনার খবর পেয়ে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে।