লোকসমাজ ডেস্ক ॥ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে ‘ই’ গ্রুপে কাতারের কাছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।সদ্যই বিদায় নেওয়া বছরের ১০ অক্টোবর অনুষ্ঠিত সেই ম্যাচে দুর্দান্ত খেলেও হারটা ছিল বেশ দুঃখের। সেই হারের কষ্টে তিন মাস পর একটি কষ্ট যোগ হলো ।ওই ম্যাচে দর্শকদের গ্যালারির ফেন্সিংয়ে ওঠার কারণে ফিফা ১৫ হাজার সুইস ফ্রাঁ (প্রায় ১৫ হাজার মার্কিন ডলার) জরিমানা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে।
গত বছরের ১০ অক্টোবরের ম্যাচে গ্যালারিতে দর্শকদের গ্যালারির ফেন্সিংয়ে ওঠার দৃশ্যের ছবিসহ ম্যাচ রেফারি ফিফার কাছে রিপোর্ট করেছেন।তাতেই বাফুফেকে জরিমানা করেছে ফিফা,সঙ্গে ভবিষ্যতের জন্য হুঁশিয়ারও। ফিফার পাশাপাশি এএফসিও একটি শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। তবে সেটি বাফুফের কোচদের বিরুদ্ধে।বাফুফের অফিসে ঠিকমতো উপস্থিতি না থাকায় ১৫জন কোচের তিন মাসের বেতন অর্থাৎ ২৮ হাজার ডলার কেটে নেওয়া হয়েছে।
বাফুফেতে ১৯ জন কোচ আছেন। যাদের বেতন সরাসরি দিয়ে থাকে এএফসি। এরমধ্যে ১৫ জন গরহাজির থাকায় এএফসি শাস্তিমুলক ব্যবস্থা হিসেবে বেতন কেটে নিয়েছে। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম বলেছেন,‘গ্যালারির দর্শকরা ফেন্সিংয়ে ওঠার কারণে আমাদের জরিমানা করেছে ফিফা।এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে অস্ট্রেলিয়া ম্যাচে ঢাকাতেই একই কারণে জরিমানা গুনতে হয়েছিল। আমাদের দর্শকদের এ নিয়ে আরও সচেতন হতে হবে।তা নাহলে সামনের আন্তর্জাতিক ম্যাচগুলোতে আরও সমস্যার সম্মুখীন হতে হবে।’ কোচদের বেতন কাটা নিয়ে এই কর্মকর্তার ব্যাখ্যা,‘কোচরা হয়তো অনেক সময় কাজে থাকার সময় সময়মতো হাজিরা খাতায় সই করতে পারেননি।এজন্য এএফসি বেতন কেটেছে।এ বিষয়ে সবার সচেতন হতে হবে।’
তিনমাস পর হারের দুঃখে যোগ জরিমানার কষ্ট
স্যুইমস্যুটে সোনা… নেটপাড়ার মাতব্বররা ফুট কাটলেন, ‘যৌনকর্মী’!
লোকসমাজ ডেস্ক॥ মিটু নিয়ে বেশ সরব হয়েছিলেন গায়িকা সোনা মহাপাত্র। তারপর থেকেই তিনি ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের বিকিনি ছবি পোস্ট করে ফের ট্রোলের মুখে সোনা। হতে হল বডি শেমিংয়ের শিকারও।
তবে নেটিজেনদের এসব কথায় একেবারেই পাত্তা দেননি তিনি। সব কটূক্তির জবাব দিয়েছেন সোনা। সেই সব কটূক্তির পর সুইমস্যুট পরা নিজের আরও কয়েকখানি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তিনি।
সেই সঙ্গে লিখলেন,’যাঁরা আমার ছবিতে কমেন্ট করেছেন তাঁদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। তবে নতুন বছরে আপনাদের মানসিকতা আমি বদলে দেব। মেয়েরা কোন পোশাক পরবে তা আপনারা ঠিক করবেন না। আশা করব এই শিক্ষের পর আপনারা কোনও দিন আর কোনও মেয়েকে আক্রমণের কথা ভাববেন না’।
এরপর তিনি আরও বলেন, ‘যাঁরা পোশাক দিয়েই মেয়েদের চরিত্র নির্ধারণ করেন তাঁদের বলি সর্বাঙ্গ ঢেকে সুসংস্কৃতিসম্পন্ন মহিলা হয়ে আমি বেঁচে থাকতে পারব না। সুতরাং আমি একটুও দুঃখিত নই’। এরপরও অনেকে তাঁকে উদ্দেশ্য করে বলেন, এই সব পোশাক পরবেন আবার #মিটু নিয়েও সরব হবেন একসঙ্গে দুটো হতে পারে না। এমনকী তিনি যে কষ্ট করে নিজের ভুঁড়ি কমাতে চান না সেকথাও স্পষ্ট করে জানিয়েছেন।
কিছুদিন আগেই অনু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে সরব হয়েছিলেন তিনি। যার জেরে ইন্ডিয়ান আইডল ১১-এর বিচারকের আসন থেকে সরে যেতে বাধ্য হন অনু।
বাগেরহাটে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাগেরহাট অফিস ॥ বাগেরহাটে জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে জেলা জাতীয় পার্টির নিউ মার্কেটের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি আলহাজ হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলু, সহ-সভাপতি হাওলাদার রুহুল আমিন, বেগ মোকাররম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোল¬া সেলিম উদ্দিন, জেলা যুব সংহতির সভাপতি শেখ মাহাবুবুর রহমান লিটন, সাধারণ সম্পাদক রাহুল দেব মন্ডল, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি শিকদার নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আজমল হোসেন মিঠু। বক্তারা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের অবর্তমানে বর্তমান চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব মশিউর রহমান রাঙ্গার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থেকে এবং দলকে সুসংগঠিত করার আহ্বান জানান।
‘এখনই কিছু জানাতে চাই না’
লোকসমাজ ডেস্ক॥ সিনেমা হলের সঙ্গে সঙ্গে বর্তমানে ঢালিউডে হিট সিনেমার সংখ্যাও কমেছে। ২০১৯ সালের হিট সিনেমার তালিকার দিকে তাকালে তা স্পষ্ট বোঝা যায়। ২০১৯ সালে শাকিব খানের ‘পাসওয়ার্ড’ ছবির পর ‘নোলক’ ছবিটি ছিল আলোচনায়। এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন ববি। এদিকে কলকাতায়ও সম্প্রতি ববি অভিনীত একটি সিনেমা মুক্তি পেয়েছে। নাম ‘রক্তমুখী নীলা’। এবারই প্রথম পশ্চিমবঙ্গের প্রোডাকশনে নায়িকা হিসেবে ববি অভিনয় করেন। এই প্রসঙ্গে তিনি বলেন, দর্শকের ভালোলাগার জন্যই ভালো ভালো গল্পের সিনেমাতে অভিনয় করার চেষ্টা করি।
‘রক্তমুখী নীলা’ ঠিক তেমন গল্পের একটি সিনেমা। কলকাতায় ছবিটি ভালো ব্যবসা করছে। এই সংবাদ আমার জন্য সত্যিই অনেক ভালোলাগার। এ ছবিতে আমার বিপরীতে সব্যসাচী মিশরা অভিনয় করেছেন। ছবির পরিচালক জয়দ্বীপ মুখার্জি শিগগিরই বাংলাদেশে আসবেন। বাংলাদেশেও ছবিটি মুক্তি পাবে। এদিকে অভিনীত ও প্রযোজিত ‘বিজলী’ ছবির পর নতুন সিনেমার কাজও শুরু করার কথা রয়েছে ববির। নতুন এ সিনেমাটি ববি প্রযোজনা করবেন কি? জবাবে নায়িকা বলেন, বেশকিছু সিনেমা নিয়ে কথা চলছে। সব ঠিক থাকলে নতুন সিনেমা দিয়ে বছর শুরু করবো। ঢাকা ও অস্ট্রেলিয়ায় ‘বিজলী’ ছবিটি মুক্তি পাওয়ার পর বেশ সাড়া পেয়েছি। দর্শক প্রতিনিয়ত নতুন কিছু চান। আমি সামনে তেমনই একটি সিনেমায় কাজ করতে যাচ্ছি। এ বিষয়ে এখনই কিছু জানাতে চাই না। তবে সবমিলে বছরটি ভালোই ছিল আমার জন্য। ববির মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো হচ্ছে- ইফতেখার চৌধুরীর ‘খোঁজ দ্য সার্চ’, ‘বিজলী’, ‘ওয়ান ওয়ে’ ‘দেহরক্ষী’, ‘রাজত্ব’, ‘অ্যাকশন জেসমিন’, মালেক আফসারীর ‘ফুল অ্যান্ড ফাইনাল’, রাজু চৌধুরীর ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, বদিউল আলম খোকনের ‘হিরো দ্য সুপারস্টার’, ‘রাজা বাবু’, মোহাম্মদ হোসেনের ‘আই ডোন্ট কেয়ার’, অনন্য মামুনের ‘ব্ল্যাকমেইল’, শফিক হাসানের ‘স্বপ্ন ছোঁয়া’ এবং ভারতের রাজা চন্দের ‘বেপরোয়া’। এছাড়া ববি নাফিস, তানিম রহমান অংশু ও ইফতেখার চৌধুরীর নির্দেশনাতেও বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে দর্শকপ্রিয়তা পান। কিছুদিন আগে ডিএ তায়েবের বিপরীতে ‘আমার মা’ নামের ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেন এ পর্দাকন্যা। এসব কাজের বাইরে বাংলাদেশে তার অভিনীত আরেকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। নাম ‘বৃদ্ধাশ্রম’। এ ছবিতে ববির বিপরীতে অভিনয় করেছেন সংগীতশিল্পী এসডি রুবেল। ২০১৫-২০১৬ সালের অনুদান পাওয়া এ ছবিটি পরিচালনা করেছেন স্বপন চৌধুরী। ববি বলেন, এ সিনেমার গল্পটি আলাদা ধরনের। আর কোনো সিনেমা করার আগে আমি প্রথমে দেখি ছবির গল্পটা মৌলিক না কপি-পেস্ট ধরনের। মৌলিক গল্পের ছবিতে দর্শকরা ভিন্নতা খুঁজে পায়। তাই এ ধরনের গল্পের ছবিতে আকৃষ্টও হয় তারা। মৌলিক গল্পের ছবিতে কাজ করতে চাই আমি। ববি নতুন কাজ নিয়ে প্রতিনিয়ত ভাবছেন। তিনি নতুন কাজের বিষয়ে আরো বলেন, আবার কলকাতার নতুন ছবিতে কাজ করতে যাচ্ছি। নাম ঠিক হয়নি এ ছবির। এ ছবিটিও জয়দীপ মুখার্জি পরিচালনা করবেন। প্রযোজনা করবে অমলাদিত্য ফিল্মস। আগের গল্পটি ছিল থ্রিলার। এবারের গল্প ভিন্ন ধাঁচের। নতুন একজন নায়ককে আমার বিপরীতে নেয়ার কথা চলছে। নতুন বছরের শুরুতে সবকিছু জানাবো। তবে এটুকু বলছি, দেশীয় প্রোডাকশন বা ওপার বাংলার সিনেমা যেটাই ফাইনাল হোক, নতুনত্ব থাকবে আমার নতুন ছবিতে। আর আমাকে ভিন্ন লুকে ‘বিজলী’-তে দেখার পর দর্শকরা বেশ উৎসাহ দিয়েছেন। দর্শকের ভালোবাসার কথা মাথায় রেখে সামনের কাজগুলো নিয়ে ভাবছি। সামনের প্রতিটি ছবিতে কাহিনীর পাশাপাশি লুকেও পরিবর্তন থাকবে আমার। ভালো বাজেটের ও উন্নত প্রযুুক্তির সিনেমা দর্শকরা সামনে দেখতে পাবেন।
সরকার পাটকল শ্রমিকদের সঙ্গে প্রতারণা করছে : বাম গণতান্ত্রিক জোট
লোকসমাজ ডেস্ক ॥ সরকার পাটকল শ্রমিকদের সঙ্গে বারবার প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা না করে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট। জোট নেতারা এসব প্রতারণা বন্ধ করে পাটকল শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিতে আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি বছরে একাধিকবার জ্বালানির দাম পরিবর্তন করার গণবিরোধী আইন প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন তারা। বুধবার বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভায় নেতারা এসব কথা বলেন। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতন, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মোবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক এতে উপস্থিত ছিলেন।
নেতারা বলেন, পাটকল শ্রমিকরা তাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে অনশন করছে। এর আগে অনশনে দুজন অনশনরত শ্রমিক জীবন দিয়েছেন। সরকারের প্রতিশ্রুতিতে আন্দোলনরত শ্রমিকরা অনশন ভাঙলেও গত দুই সপ্তাহ তাদের দাবি পূরণ না হওয়ায় পুনরায় অনশন করছে। নেতৃবৃন্দ শ্রমিকদের সঙ্গে সরকারের প্রতারণার তীব্র নিন্দা জানান। নেতৃবৃন্দ পাটকল শ্রমিকদের ১১ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে পাট শিল্পে ২০১৫ সালের ঘোষিত মজুরি কমিশন বাস্তবায়ন ও শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের দাবি জানান তারা।
অপর এক বিবৃতিতে নেতারা জ্বালানির দাম বছরে একাধিকবার পরিবর্তন করা যাবে, এমন বিধান রেখে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন করায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে অবিলম্বে জনস্বার্থবিরোধী এ সংশোধনী প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এ সংশোধনীকে নববর্ষে জনগণের প্রতি নিষ্ঠুর তামাশা বলে আখ্যায়িত করেন বাম নেতৃবৃন্দ। তারা জ্বালানি খাতে দুর্নীতি ও ভুলনীতির অবসান ঘটিয়ে জনগণকে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎসহ অন্যান্য জ্বালানি সরবরাহের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাটকল শ্রমিকদের ১১ দফা দাবিতে চলমান আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়ে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়ক ও গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলামসহ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু, গার্মেন্টস শ্রমিক সংহতি সভাপ্রধান তাসলিমা আখতার, গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশন সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, গার্মেন্টস শ্রমিক আন্দোলনের সভাপতি বিপ্লব ভট্টাচার্য্য, গার্মেন্টস শ্রমিক সংহতির নেতা প্রদীপ রায়, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের নেতা বিপুল কুমার দাস, ওএসকে গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের নেতা ইয়াসিন মিয়া, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির নেতা মীর মোস্তাক হোসেন, জাতীয় সোয়েটার গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের নেতা এএসএস ফয়েজ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তারা পাটকল শ্রমিকদের ন্যায্য সকল দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান। নেতারা বলেন, পাটকলগুলোকে নিয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে বেসরকারিকরণের চক্রান্ত বাতিল, অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ, অবসরপ্রাপ্ত শ্রমিকদের গ্র্যাচুইটির টাকা দেয়া, শ্রমিকদের সাপ্তাহিক মজুরি নিয়মিত পরিশোধ করা, ছুটি নিশ্চিতকরণ ইত্যাদি দাবিতে পাটকল শ্রমিকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। অনশনে দুজন শ্রমিককে জীবনও দিতে হয়েছে। অথচ সরকার এ ব্যাপারে এখনও কোনো সমাধান দিতে পারেনি। মালিকশ্রেণিও একের পর এক পাটকলের শ্রমিকদের বঞ্চিত করে যাচ্ছে। তারা এগুলোর সুরাহা অবিলম্বে করার জন্য বিজিএমসি এবং সরকারের কাছে দাবি জানান।
চুকনগর বাদামতলা মোড়ে গভীর নলকুপ স্থাপন
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ অবশেষে চুকনগর শহরের বাদামতলা মোড়ে দীর্ঘদিনের প্রত্যাশিত গভীর নলকুপ স্থাপনের কাজ শুরু হয়েছে। বুধবার ১২ টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নলকুপটি স্থাপনের কাজ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন চুকনগর বাজার কমিটির সভাপতি প্রহ্লাদ ব্রহ্ম, ডুমুরিয়া উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, সিনিয়র সাংবাদিক কবি ইব্রাহিম রেজা, গাজী আব্দুল মালেক, শ্রমিক নেতা আলমগীর হোসেন প্রমুখ।
সাহিত্য প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে
জিপিএ-৫ পেয়েছে সাকিরুল আলম সাহিত্য প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) জিপিএ-৫ পেয়েছে। সে যশোর শহরতলীর শেখহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। সাহিত্য দৈনিক লোকসমাজের সাবেক সার্কুলেশন ম্যানেজার আশরাফুল আলম সেলিম ও গৃহিণী কানিজ ফাতেমার ছোট ছেলে। সাহিত্য সুন্দর আগামীর জন্য সকলের দোয়া প্রার্থী।
তালায় বালি উত্তোলনের দায়ে ইউপি চেয়ারম্যানকে ২ লাখ টাকা জরিমানা
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ বছরের শুরুতেই পরিবেশ বিপর্যয় ঠেকাতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তালা উপজেলার তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন এ জরিমানা করেন। এ সময় অন্য দুই ব্যক্তিকে বালু উত্তোলনের দায়ে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। এরআগে দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশেই তালা উপজেলার শুভাষিণী নামকস্থানে ভূগর্ভস্থ বালু উত্তোলনের দায়ে ইউএন নিজেই প্রায় এক কিলোমিটার পথ তাড়া করে অভিযুক্ত ২ ব্যক্তিকে আটক করেন। পরবর্তীতে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামকে ২ লাখ টাকা এবং অপর দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
পেঁয়াজের আপত্কালীন মজুদ বাড়াচ্ছে ভারত
লোকসমাজ ডেস্ক॥ পেঁয়াজ সংকটে সদ্য শেষ হওয়া বছরে কম ভোগান্তি হয়নি ভারতের। মসলাজাতীয় পণ্যটির শীর্ষ রফতানিকারক হওয়ার পরও বাজার নিয়ন্ত্রণে আমদানিতে ঝুঁকতে হয়েছে দেশটিকে। পাশাপাশি রফতানি বন্ধ, মজুদ কমিয়ে আনার মতো পদক্ষেপেও সংকট পিছু ছাড়েনি। এমনকি দেশটির আপত্কালীন মজুদও বাজার সামাল দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। তবে গত বছরের পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে এ বছর আপত্কালীন মজুদের পরিমাণ বাড়াতে যাচ্ছে ভারত।
পেঁয়াজের সংকটকালীন বাজারে দাম নিয়ন্ত্রণ রাখতে এতদিন ভারতে বাফার স্টক বা আপত্কালীন মজুদের পরিমাণ ছিল ৫৬ হাজার টন। তবে গত বছরের মসলা পণ্যটির লাগামহীন দামের পর কেন্দ্রীয় সরকার এখন এ মজুদের পরিমাণ এক লাখ টন বাড়াতে যাচ্ছে। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহার সভাপতিত্বে মন্ত্রীদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। সভায় ২০২০ সালে পেঁয়াজের বাফার স্টক এক লাখ টন করা সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন।
গত বছরে ভারতের পেঁয়াজের বাফার স্টকের দায়িত্বে ছিল ন্যাশনাল এগ্রিকালচার কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন (এনএএফইডি)। এ বছরও পেঁয়াজ সংগ্রহ ও মজুদের দায়িত্বে থাকবে সরকারি প্রতিষ্ঠানটি। সরাসরি কৃষকদের কাছ থেকে পেঁয়াজ কিনে সংরক্ষণ করবে এনএএফইডি। সরকারি এ কর্মকর্তার দেয়া তথ্য অনুযায়ী, রবি মৌসুমে (শীতকালীন) উৎপাদন হওয়া পেঁয়াজ কিনে সরকারি বাফার স্টকে রাখা হবে। কারণ এসব পেঁয়াজ বেশিদিন মজুদ রাখা যায়। মার্চ থেকে জুলাই পর্যন্ত পণ্যটির মজুদ রাখতে সক্ষম হবে প্রতিষ্ঠানটি।
ভারতে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয় মহারাষ্ট্র ও কর্ণাটকে। তবে এ মৌসুমে রাজ্য দুটিতে অসময় ভারি বৃষ্টিপাতে খরিফ ও খরিফ পরবর্তী পেঁয়াজের উৎপাদন ২৬ শতাংশ ব্যাহত হয়। একই কারণে দেশটির বাজারে নতুন পেঁয়াজ আসতেও বিলম্ব হয়। ফলে পেঁয়াজ সংকটে দেশটির বাজারে দাম বাড়তে থাকে। দাম বাড়তে বাড়তে দেশটিতে কেজিপ্রতি ১৫০ রুপি পর্যন্ত পৌঁছায়। দাম বৃদ্ধির জেরে সেপ্টেম্বরের শেষের দিকে দেশটি থেকে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় সরকার। পাশাপাশি খুচরা ও পাইকারি পর্যায়ে মজুদ সীমিতকরণ, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বাজারে কঠোর নজরদারি শুরু হয়। কেন্দ্রীয় সরকার বাফার স্টক থেকে বিভিন্ন রাজ্যে পেঁয়াজ সরবরাহ শুরু করে। এতেও বাজার স্থিতিশীল না হওয়ায় দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান এমএমটিসির মাধ্যমে তুরস্ক, মিসর ও আফগানিস্তান থেকে প্রায় ৪৫ হাজার টন পেঁয়াজ আমদানি করে সরকার।
ফুলতলায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফুলতলা (খুলনা) অফিস ॥ জাতীয় পার্টির ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকালে র্যালি ও আলোচনা সভা দলীয় কার্যালয়ে উপজেলা শাখা সভাপতি সাঈদ আলম মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন, অলিয়ার রহমান, রইচ মল্লিক, অবেদ আলী, আসলাম খান, মো. রফিক, সালাউদ্দিন আহমেদ প্রমুখ।







