যশোরের কাজীপাড়ায় ভেজাল মবিল কারখানায় পুলিশের হানা, মালিক আটক

0
আটক অর্নব খান (৩০)।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়ায় গত রোববার রাতে অভিযান চালিয়ে ভেজাল লুব্রিকেন্ট (মবিল) কারখানা আবিষ্কার করেছে পুলিশ। এ সময় সেখান থেকে ভেজাল লুব্রিকেন্ট তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এ ঘটনার সাথে জড়িত অভিযোগে অর্নব খান (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, এসআই মো. জুয়েল হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গত রোববার রাত পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. জুয়েল হোসেন পুরাতন কসবা কাজীপাড়ার বাসিন্দা মাহফুজুর রহমান খানের ৪ তলা ভবনের নিচতলায় অভিযান চালান।

এ সময় পুলিশ দেখে পালানোর চেষ্টাকালে মাহফুজুর রহমান খানের ছেলে অর্নব খানকে আটক করে। আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে অর্নব খান স্বীকার করেন, বিভিন্ন কোম্পানির লোগো নকল করে বাজারে বিক্রির উদ্দেশ্যে লুব্রিকেন্ট মজুদ করে রেখেছেন।

ছবি: সংগৃহীত।

পরে তার স্বীকারোক্তিতে নিচতলায় তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে লুব্রিকেন্ট ভর্তি ২৩টি প্লাস্টিক বোতল, বিভিন্ন কোম্পানির লোগো লাগানো ২৫টি খালি বোতল, ১টি রিফুয়েল মেশিন, ১টি অ্যাম্বুস ফুয়েল সিলাপ মেশিন, ১টি মিক্সার মেশিন, জেল তৈরির কাঁচামাল, ১ হাজার খালি বোতল, ১ লিটার ভর্তি হাইড্রোলিক তেলের ব্যারেল ইত্যাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা করা হয়েছে।