পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোগে জাইকা’র অর্থায়নে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার লস্কর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ওই কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান কে.এম. আরিফুজ্জামান তুহিন, ইউপি সচিব ফারুক হোসেন সরদার, ইউপি সদস্য হাসানুজ্জামান প্রমুখ। এলাকায় পানীয়-জলের শংকটের কারণে দীর্ঘ ৭/৮ বছর প্রচেষ্টার পর এ প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হয়েছে বলে চেয়ারম্যান আরিফুজ্জামান তুহিন জানান।
সিনেমা মাথায় ঢুকেছে রোনালদোর
লোকসমাজ ডেস্ক ॥ দুদিন আগে বলেছেন, অবসরের পর কোচ হওয়ার ইচ্ছের কথা। এবার ক্রিস্টিয়ানো রোনালদোর মুখে ভিন্ন কথা। বুট তুলে রাখার পর তাকে নাকি অভিনয়ে দেখা যেতে পারে! যদিও এখনই অবসরের সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছে নেই পর্তুগিজ তারকার। শনিবার দুবাই ইন্টারন্যাশনাল স্পোর্টস কনফারেন্সে রোনালদো সাক্ষাৎকার শুরু করেছেন এভাবে, ‘কয়েক বছর আগেও তিরিশ-বত্রিশেই ফুটবল খেলার ইচ্ছে শেষ হয়ে যেত। কিন্তু এখন বছর চল্লিশের খেলোয়াড়ও মাঠে দেখতে পাবেন আপনারা।’ তারপর বলেছেন, ‘যেদিন আমার শরীর মাঠে সাড়া দিতে পারবে না, সেদিনই বুঝবো বিদায়ের সময় এসেছে। মাঠে আমার সাফল্যের প্রধান কারণ কঠোর পরিশ্রম আর জীবনযাপনের ধরন। মানসিক ও শারীরিক ক্ষমতা বাড়াতে নিরন্তর কাজ করে চলেছি।’
এরপরই জানিয়েছেন অভিনয়ের ইচ্ছের কথা, ‘আশা করি ৫০ বছরের বেশি বেঁচে থাকবো আর নতুন নতুন জিনিস শিখে চ্যালেঞ্জ জিততে পারবো। একটি বিষয়ে নিজেকে চ্যালেঞ্জ জানাতে চাই, আর তা হলো চলচ্চিত্রে অভিনয়।’ নতুন বিষয় শিখতে আর জানতে কোনও ক্লান্তি নেই তার, ‘আমি সবসময় নতুন জিনিস শেখার পরামর্শ দিই। এ ব্যাপারে আমার ভীষণ উৎসাহ। সবসময় শিক্ষিত করে তোলার চেষ্টা করি নিজেকে। কারণ আমার মনে অনেক অনেক প্রশ্ন আসে। তাই ফুটবল থেকে অবসরের পর পড়াশোনা করার ইচ্ছেও আছে।’ রোনালদোর জীবনধারার প্রশংসা করেন অনেকে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার ‘লাইফ স্টাইল’ নিয়ে আলোচনা লেগেই থাকে। পাঁচটি ব্যালন ডি’অরজয়ী এ নিয়ে একটা উপদেশও দিয়েছেন, ‘আমাদের জীবন ভারসাম্যের ওপর দাঁড়িয়ে। ইচ্ছে করলেই যেকোনও কিছু আপনি খেতে পারেন। তবে শরীরচর্চাও করতে হবে আপনাকে। অবশ্য শরীরের জন্য ক্ষতিকর খাবার না খাওয়াই ভালো। নিজের শরীরকে শতভাগ চিনি। তাই সবসময় শরীরের পক্ষে উপযোগী ডায়েট নিই। প্রত্যেকেই হয়তো আমার জীবনযাপনের ধরনটা সম্পর্কে জানে। আমার জীবনটা ফুটবলে নিবেদিত।’ রোনালদোর চোখে তার সাফল্যের কারণ, ‘আমার সব অর্জন আর শিরোপার পেছনে প্রধান কারণ ফুটবলের প্রতি ভালোবাসা। আমার সাফল্যে কোনও বিশেষ অলৌকিক ঘটনা বা রহস্য নেই। ৩৪ বছর বয়সেও অধ্যবসায় আর কঠোর পরিশ্রমের জোরে ফিটনেস ধরে রেখেছি।’
বাগেরহাটে কৃষককদের চাষাবাদে প্রযুক্তির ব্যবহারের পরামর্শ
বাগেরহাট অফিস ॥ কৃষককে বাঁচাতে চাষাবাদে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। প্রযুক্তির ব্যবহারে কৃষকদের খরচ ও সময় বাঁচবে অনেক। যার ফলে কৃষকরা তাদের ফসল উৎপাদন করে লাভবান হতে পারবেন। কৃষি বিষয়ক নতুন নতুন উদ্ভাবনকে কাজে লাগাতে হবে। লাভজনক চাষাবাদে প্রযুক্তির কোন বিকল্প নেই। কৃষকরাই দেশের অর্থনীতিকে সচল রাখে। তাই সরকার প্রদত্ত সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে কৃষকদের অগ্রাধিকার দিতে হবে। রবিবার দুপুরে বাগেরহাট শহরের ধানসিড়ি হোটেলে অনুষ্ঠিত ধানের লাভজনক মূল্য ও ক্ষুদ্র কৃষকের খাদ্য নিরাপত্তা বিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপ-পরিচালক অমিতাভ মন্ডল। গণবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ সইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্রিকের পরিচালক মাশরুর ইসলাম, খানি-খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের যুগ্ম সাধারণ সম্পাদক মেরিনা পারভীন, সাংবাদিক আরিফুল ইসলাম প্রমুখ।
তাদের চিহ্নিত করে বলুন চোর যায়, ডাকাত যায় : রব
লোকসমাজ ডেস্ক ॥ জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ভোট ডাকাতি সংবিধানবিরোধী কাজ এবং যারা ডাকাতি করেছেন তাদেরকে সবাই চিনেন। রাস্তাঘাটে পথে-প্রান্তরে যেখানে পারেন তাদেরকে চিহ্নিত করে জনগনকে বলুন চোর যায় ডাকাত যায়, চোর! চোর!! ধর! ধর!! ডাকাত! ডাকাত!! ধর! ধর। তিনি বলেন, সরকার কি নির্লজ্জ বেহায়া ভোট ডাকাতি করে বলেন আমরা ভোট ডাকাতি করিনি। চোরে চুরি করে মাথা নত করে পালিয়ে থাকে। এরা চুরি করে মাথা উঁচু করে দাঁড়ায় এদের মাথা থামায় দিতে হবে। ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির প্রতিবাদে জাতীয় ঐক্যফ্রন্ট আয়োজিত বিক্ষোভ সমাবেশে জাতীয় প্রেসক্লাবের সামনে তিনি এসব কথা বলেন।
আ স ম রব বলেন, শহরে, গ্রামে পাড়া-মহল্লায় বাংলাদেশের কোথাও ভোট চোরের মাথা উঁচু করে কথা বলার কোনো অধিকার নেই। রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে জনগণের অধিকার কেড়ে নিয়েছে। আমাদের ভোটের অধিকার পুনরুদ্ধার করতে হবে। যেখানেই যাই জনগণ বলে আমাদের ভোট দেয়ার ব্যবস্থা করে দেন, আমরা এদেরকে বিদায় করব। জনগণের সরকার কায়েম করে ডাকাতদের রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় করতে হবে। স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকার কোনো অধিকার এই সরকারের নেই।
রব বলেন, আজকেও ডাকসু ভবনের পেছনে কয়েকটি ককটেল ফাটানো হয়েছে, কারা ফাটিয়েছে? প্রক্টর সাহেব জানেন না? ভাইস-চ্যান্সেলর জানেন না? রেজিস্টার জানেন না? সারা বাংলাদেশের চুরি গুন্ডামি লুটপাট করতেছে কারা? তিনি বলেন, একমাত্র বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে স্বাধীনতার পূর্বে স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়নি। জাতীয় সংগীত হয়নি, দেশের সীমানা নির্ধারণ হয়নি, সরকার প্রধান নির্ধারিত হয়নি, সেনাবাহিনী প্রধান নির্বাচিত হয়নি কিন্তু স্বাধীনতার পতাকা উত্তোলন হয়েছে। সেটা ডাকসুতেই হয়েছে।
তিনি আরো বলেন, আমাদের ভোটের অধিকার এককভাবে আদায় করা যাবে না। এই সংগ্রাম জনগণের সংগ্রাম, জনগণের সরকার যদি কায়েম করতে হয়, মুক্তিযোদ্ধা সরকার যদি কায়েম করতে হয়, জাতীয় সরকার যদি কায়েম করতে হয়, ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। জেএসডি সভাপতি বলেন, আমাদের কর্মীরা যখন ৭১ সালে স্লোগান দিয়েছিল বীর বাঙালি অস্ত্র ধর বাংলাদেশ স্বাধীন করো, তখন স্বাধীনতা বিরোধীরা টিএসসির সামনে তাদের আঘাত করেছিলো। আর আজকে নুরুরা যারা অধিকার আদায়ের জন্য কথা বলছে তাদের উপর যখন হামলা করা হয় এই দুইটার মধ্যে পার্থক্য কতটুকু আমি সেটা প্রশ্ন করতে চাই। আসুন সবাই ঐক্যবদ্ধভাবে এ ভোট ডাকাত ভোট চোরদের বাংলাদেশের মাটি থেকে আমরা বিদায় করি। জনগণের সরকার কায়েম করি।
আন্তর্জাতিক সংবাদ
নাগরিকত্ব আইন: এবার প্রখ্যাত ইতিহাসবিদ ইরফান হাবিবকে হেনস্তা
লোকসমাজ ডেস্ক ॥ ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে হেনস্তার শিকার হয়েছে প্রখ্যাত ইতিহাসবিদ ইরফান হাবিব।ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শনিবার কান্নুর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ইরফান হাবিব। সেখানে কেরালার রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান নাগরিকত্ব আইনের সপক্ষে বলতে শুরু করলে মঞ্চ থেকেই প্রতিবাদ জানান এই ইতিহাসবিদ। তাকে সমর্থন দেন দর্শকেরাও। পরে রাজ্যপালের টুইটার পোস্টে অভিযোগ করা হয়, ইরফান হাবিব শুধু রাজ্যপালের বক্তৃতায় বাধাই দেননি, তার নিরাপত্তা কর্মকর্তাদেরও ধাক্কা মেরেছেন। কিন্তু ৮৮ বছর বয়সী এই ইতিহাসবিদ কীভাবে এমন কাণ্ড করতে পারলেন এতেই অবাক হয়ে যান সুধীমহল। বরং ঘটনার সময় মঞ্চের কাছে থাকা সংগঠনের লোকজন এবং শিক্ষকদের বক্তব্য, রাজ্যপালের নিরাপত্তারক্ষীরাই হাবিবকে ঠেলে সরিয়ে দিয়েছে। রাজ্যপালের টুইটারে যে সব ছবি টুইট করা হয়েছে, তাতেও স্পষ্ট দেখা যাচ্ছে, কখনো হাবিবকে সরিয়ে দেয়া হচ্ছে, কখনো বা তার হাত ধরে রেখেছে রাজ্যপালের কর্মকর্তারা। রাজ্যপাল তার বক্তৃতায় নাগরিকত্ব আইন, এনআরসি এবং কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করতেই অধিবেশনের এক দল প্রতিনিধি প্রতিবাদ জানাতে শুরু করে। তারা এ সময় নাগরিকত্ব আইন এবং এনআরসি বিরোধী প্ল্যাকার্ড তুলে ধরেন। মঞ্চে উপস্থিত ইরফান হাবিবকেও উঠে দাঁড়িয়ে কিছু বলার চেষ্টা করতে দেখা যায়। সেসময় তাকে হেনস্তার ঘটনা ঘটে। বিক্ষোভ নিয়ন্ত্রণে কেরালার পুলিশ কয়েকজনকে আটকও করে। পরে মঞ্চ থেকেই ইতিহাস কংগ্রেসের সম্পাদিকা অধ্যাপিকা মহালক্ষ্মী রামকৃষ্ণন অবিলম্বে বিক্ষোভকারীদের মুক্তি দাবি করেন। এরপরেই আটককৃতদের ছেড়ে দেয় পুলিশ।
চলতি বছর যুক্তরাষ্ট্রে ‘হত্যাযজ্ঞে’ রেকর্ড
লোকসমাজ ডেস্ক ॥ অন্য যেকোনো বছরের চেয়ে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ‘হত্যাযজ্ঞ (মাস কিলিং) তথা একই ঘটনায় চার বা ততোধিক ব্যক্তিকে’ হত্যার ঘটনা ঘটেছে। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), ইউএসএ টুডে এবং নর্থ-ইস্টার্ন ইউনিভার্সিটির সমন্বিত তথ্যভাণ্ডারে এমন চিত্র ওঠে এসেছে বলে জানিয়েছে বিবিসি। এই তথ্যভাণ্ডার অনুযায়ী, ২০১৯ সালে এ ধরনের হত্যাযজ্ঞের ৪১টি ঘটনায় মোট ২১১ জন নিহত হয়েছেন। এক্ষেত্রে ঘাতক ছাড়া চার বা ততোধিক ব্যক্তি একই ঘটনায় নিহত হলে এটাকে ‘মাস কিলিং বা হত্যাযজ্ঞ’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এসব ঘটনার মধ্যে সবচেয়ে বেশি প্রাণঘাতী ছিল মে মাসে ভার্জিনিয়া সৈকতে ১২ জনকে হত্যা এবং আগস্টে এল পাসো-তে ২২ জনকে হত্যা। তথ্যভাণ্ডার অনুযায়ী, ২০১৯ সালের ৪১টি হত্যাযজ্ঞের মধ্যে ৩৩টি ছিল আগ্নেয়াস্ত্র ঘটিত। ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে বেশি আটটি হত্যাযজ্ঞের ঘটনা ঘটে। এই তথ্যভাণ্ডারে ২০০৬ সাল নাগাদ যুক্তরাষ্ট্রে সংঘটিত সব হত্যাযজ্ঞের তথ্য সন্নিবেশিত করা হয়। অবশ্য গবেষকরা বলেছেন, ১৯৭০ সাল নাগাদ এত বেশি হত্যাযজ্ঞের ঘটনা ঘটেনি। এ ধরনের হত্যাযজ্ঞ ২০০৬ সালে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮টি সংঘটিত হয়। যদিও ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে, কিন্তু প্রাণহানির হিসেবে সবচেয়ে রক্তাক্ত বছর ২০১৭ সাল। ওই বছর এ ধরনের হামলায় ২২৪ জন নিহত হয়েছে। লাস ভেগাসের এক উৎসবেই বন্দুক হামলায় নিহত হয়েছিল ৫৯ জন যা এ ধরনের ঘটনায় দেশটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী।
ট্রাম্প পুননির্বাচিত হলে হোয়াইট হাউস ছাড়ার ইঙ্গিত ইভাঙ্কার
লোকসমাজ ডেস্ক ॥ আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে বাবা ডনাল্ড ট্রাম্প ফের নির্বাচিত হওয়ার পর হোয়াইট হাউসের পদ ছাড়তে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন ইভাঙ্কা ট্রাম্প। মার্কিন গণমাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৮ বছর বয়সী এ নারী রাজনীতিকে ‘কম আকর্ষণীয়’ এবং ‘সন্তানরাই তার কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার পায়’ মন্তব্য করেছেন বলেও এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে। “আমার সন্তানরা এবং তাদের সুখই সর্বাগ্রে আমাকে সবচেয়ে বেশি তাড়িত করে,” আসন্ন নির্বাচনে বাবা জিতলে ফের তার প্রশাসনে কাজ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে বলেন ট্রাম্পের উপদেষ্টা ইভাঙ্কা। সিবিএসের ‘ফেইস দ্য নেশন’ অনুষ্ঠানে তিনি বলেন, “তাদের (সন্তান) দরকারই যেন সবচেয়ে বেশি অগ্রাধিকার পায় সেজন্য আমার সিদ্ধান্ত সবসময়ই দোলাচলের মধ্যে থাকে। এ উত্তরের জন্য তারাই আমাকে সবচেয়ে বেশি তাড়িত করবে।” বাবার হয়ে প্রচারে দেশের প্রতিটি রাজ্যে ঘুরেছেন জানালেও তার কাজ এখনও ‘শেষ হয়নি’ বলেও মনে করেন ৩৮ বছর বয়সী এ নারী। “আমরা অনেক কিছুই করেছি, যদিও তা যথেষ্ট নয়,” বলেছেন তিনি। কখনো নির্বাচনে দাঁড়াবেন কিনা, এমন প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের এ উপদেষ্টা বলেন, “সত্যি বললে, আমার কাছে রাজনীতিকে কম আকর্ষণীয় মনে হয়।” ইভাঙ্কার পাশাপাশি তার স্বামী জ্যারেড কুশনারও ২০১৭ সাল থেকেই ট্রাম্প প্রশাসনে কাজ করে আসছেন। ২০১৬-র প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারেও রিপাবলিকান শিবিরের হয়ে এ দম্পতির অনবদ্য ভূমিকা ছিল।
ঐক্যফ্রন্টের মিছিলে পুলিশের বাধা, কাল ফের বিক্ষোভের ঘোষণা
লোকসমাজ ডেস্ক ॥ একাদশ সংসদ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ এনে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। রোববার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করে তারা। বিক্ষোভ সমাবেশ শেষে বিকেল পৌনে ৫টার দিকে জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের নেতৃত্বে প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে বের হন ঐক্যফ্রন্ট নেতারা। প্রেস ক্লাবের মোড়ে গেলেই পুলিশ তাদের বাধা দেয়। সেখানে নেতাকর্মীরা এ সরকারের পদত্যাগের দাবি জানিয়ে স্লোগান দেন। পরে প্রেস ক্লাবের ভেতরে এসে সংক্ষিপ্ত বক্তব্যে আ স ম রব বলেন, ‘আমরা কেমন দেশে বসবাস করছি, সেটা আপনারা সবাই দেখছেন। একটা বিক্ষোভ মিছিল করতে চেয়েছিলাম কিন্তু পুলিশ বাধা দিয়েছে। আজকে এ দেশে কেউ স্বাধীন নয়। সবাইকে সরকার বন্দি করে রাখতে চায়। কিন্তু আমরা এটা হতে দেব না। আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখব। আজ ৩০ ডিসেম্বর মৎস্য ভবনের সামনে নাগরিক ঐক্যের উদ্যোগে আমরা বিক্ষোভ সমাবেশ করব।’
নড়াইলে পুকুর পাড় থেকে শিশুর লাশ উদ্ধার
নড়াইল অফিস ॥ নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বীড়গ্রাম থেকে বিথী বৈরাগী (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বিথী বীড়গ্রামের দশরথ বৈরাগীর মেয়ে। রবিবার দুপুরে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে,বিথী শনিবার বিকেল থেকে নিখোঁজ হয়। রাত পর্যন্ত অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। রবিবার দুপুরে স্থানীয় লোকজন দশরথ বৈরাগীর বাড়ির কাছে পুকুর পাড়ে বিথীর লাশ পড়ে থাকতে দেখে তার পরিবারের সদস্যদের এবং পুলিশে খবর দেয়। ওসি জানান,ময়না তদন্তের পর হত্যাকান্ডের রহস্য জানা যাবে। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের হয়েছে।
বখাটের কারণে অতিষ্ঠ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা
শিমুল হাসান, লোহাগড়া (নড়াইল) ॥ নড়াইলের লোহাগড়ায় বখাটের অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্কুলছাত্রী খাদিজা (১৩) আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সকালে পাংখারচর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামবাসী ও ভুক্তভোগী ছাত্রীর পরিবার জানায়, ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামের কামাল শেখের ছেলে ইমাম শেখ (১৮) স্কুলে যাবার পথে একই গ্রামের সেলিম সরদারের মেয়ে শতদল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শেণির ছাত্রী খাদিজাকে উত্ত্যক্ত করতো। খাদিজার পরিবারের লোকজন ওই বখাটের পরিবারকে বিষয়টি জানালেও কোন ফল হয়নি। সম্প্রতি পরীক্ষার সময়ও বখাটে ইমাম শেখ তাকে নানাভাবে উত্ত্যক্ত করে। সর্বশেষ গতকাল সকাল ১০ টার দিকে খাদিজা বাড়ির পাশে পুকুরে পানি আনতে গেলে ওই বখাটে পথরোধ করে অশ্লীল কথাবার্তা বলে। এতে অতিষ্ঠ হয়ে সে ঘরে ছুটে যায় এবং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের লোকজন টের পেয়ে গুরুতর অবস্থায় খাদিজাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে যান। ছাত্রীর বাবা সেলিম সরদার বলেন, ‘বখাটে ইমামকে কয়েকবার সাবধান করেছি। তার পরিবারকে জানিয়েছি। কিন্তু কোন সমাধান হয়নি। বরং সে আমাদের হুমকি দিয়েছে। গত এক সপ্তাহ আগেও বখাটে ইমাম এবং তার আত্মীয় সজিব শেখ ও নবীর শেখ আমাকে নানাভাবে হুমকি দেয়’। লোহাগড়া হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডা. নাইমা জানান, ‘খাদিজাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে নড়াইল সদর হাসপাতালে পাঠিয়েছি’। এ ব্যাপারে জানার জন্য অভিযুক্ত বখাটে ইমাম শেখ এবং তার আত্মীয় সজিব শেখ ও নবীর শেখের সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। লোহাগড়া থানা পুলিশের ওসি মো. আলমগীর হোসেন জানান, ‘বখাটে উত্ত্যক্ত করায় এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা চালিয়েছে বলে শুনেছি। ছাত্রীর পরিবার থেকে এখনো কোন অভিযোগ পাইনি। তারা মেয়েটির চিকিৎসা নিয়ে ব্যস্ত আছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। উত্ত্যক্তকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কোন ছাড় দেয়া হবে না’।
মুজিববর্ষ পালন উপলক্ষে তালায় মতবিনিময় সভা
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ মুজিববর্ষ ২০২০ পালন উপলক্ষে সাতক্ষীরার তালায় মতবিনিময় সভা হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী, তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, পাটকেলঘাটা থানা পুলিশের ওসি কাজী ওয়াহিদ মুর্শিদ, ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তালা থানার এসআই নিয়াজ মোহাম্মাদ খাঁন প্রমুখ। সভায় মুজিববর্ষ পালনের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।
শার্শায় আদিবাসীদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন উপকরণ বিতরণ
শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শা উপজেলার আদিবাসী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। এ সময় আদিবাসী সম্প্রদায়ের পরিবারের মাঝে ৫০টি ছাগল দেওয়া হয়। রবিবার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এ শিক্ষা উপকরণ বিতরণ ও ছাগল দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ। শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী, শার্শা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ ও উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সভাপতি তপন কুমার প্রমুখ।









