স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের খবর সঠিক নয়: স্বাস্থ্য অধিদপ্তর

0
ঈদুল আজহায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিলের খবর ভিত্তিহীন, পুরোনো চিঠি ঘিরে বিভ্রান্তি: স্বাস্থ্য অধিদপ্তর ।। ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের সব কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবর ছড়িয়ে পড়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ মে) একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে শিশুদের মধ্যে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি পরিস্থিতির কারণে স্বাস্থ্য অধিদপ্তর দেশজুড়ে সকল স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করেছে। সংবাদগুলোতে একটি অফিস নির্দেশনাকে ভিত্তি হিসেবে উপস্থাপন করা হয়।

তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যে চিঠিকে কেন্দ্র করে এই খবর প্রচারিত হয়েছে, সেটি আসলে গত ঈদুল ফিতরের সময়কার একটি পুরোনো নথি। নথিটি ভুলভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে পুনরায় ছড়িয়ে পড়েছে, যা থেকে এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দীন মোহাম্মদ রুমী বলেন, “ঈদুল আজহা উপলক্ষে কোনো নতুন ছুটি বাতিলের নির্দেশনা জারি করা হয়নি। চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা জরুরি সেবার প্রয়োজনে সাধারণত অন্যান্য সরকারি কর্মকর্তাদের মতো পূর্ণাঙ্গ ছুটি পান না। তবে নতুন করে সব ধরনের ছুটি বাতিলের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।”