ভারতে পালিয়ে সেলফি পাঠিয়েছেন হাদির ওপর হামলাকারী: সায়ের

0
গুয়াহাটিতে সেলফি হাদির শুটার ফয়সাল মাসুদ ভারতে পালিয়েছেন, সাংবাদিক সায়েরের বিস্ফোরক দাবি ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করা মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ভারতে পালিয়ে গেছেন এবং সেখান থেকে তিনি সেলফি পাঠিয়েছেন বলে চাঞ্চল্যকর দাবি করেছেন আল জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের।

রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে সায়ের এই দাবি করেন। তিনি লেখেন, “ইনকিলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্য গুলি করার ঘটনার সাথে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় (১২ ডিসেম্বর) ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন।”

সায়েরের দাবি অনুযায়ী, ভারতে প্রবেশ করার পর জাহাঙ্গীর কবির নানকের পিএস মো. মাসুদুর রহমান বিপ্লব ফয়সাল করিম মাসুদকে একটি ভারতীয় নম্বর জোগাড় করে দেন। এই নম্বর ব্যবহার করে ফয়সাল করিম মাসুদ একাধিক নম্বরে নিজেদের সেলফি পাঠান। সায়ের নিশ্চিত করেছেন, ইন্টারসেপ্ট করা ছবিটি ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে তোলা হয়েছে।

এদিকে, মাথায় গুলিবিদ্ধ হয়ে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় থাকা শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে এবং প্রধান উপদেষ্টা তাঁর চিকিৎসার প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা দেশবাসীর কাছে তাঁর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়।