শার্শায় ৪ হাজার ইয়াবাসহ মা ও ছেলে গ্রেফতার

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মা ও ছেলেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামের জনৈক ওসমান সরদারের বাড়ির সামনে বেলতলা-সোনাবাড়ীয়া সড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেফতার দুজন হলেন—শার্শা উপজেলার বুরুজবাগান (দক্ষিণ) গ্রামের মোছা. হালিমা খাতুন ওরফে রিনা (৪৭) এবং তার ছেলে মো. সাকিব হোসেন রানা (২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোছা. রাফিজা খাতুন বাদী হয়ে গ্রেফতার মা ও ছেলের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলার পর গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।