যশোর শহরে অবৈধ স্থাপনার বিরুদ্ধে পৌরসভার অভিযান অব্যাহত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের দড়াটানা-ভৈরব নদের পাড় ও গরীব শাহ রোড এলাকায় সরকারি ও পৌরসভার জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে যশোর পৌরসভা ও প্রশাসন।

বৃহস্পতিবার সকালে শুরু হওয়া এ অভিযানে সড়কের জায়গা দখল করে স্থাপিত ইজিবাইক মালিক সমিতির কার্যালয়টি সরিয়ে নিতে সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনাটি সরিয়ে না নিলে পৌরসভার তত্ত্বাবধানে উচ্ছেদ অভিযান চালিয়ে তা অপসারণ করা হতে পারে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গরীব শাহ রোড এলাকায় অভিযান শুরু হয়। অভিযানে ম্যাজিস্ট্রেট শোয়াইব হোসেন আকন্দ, যশোর পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, ইঞ্জিনিয়ার কামাল হোসেনসহ পৌরসভা ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানের সময় কর্মকর্তারা গরীব শাহ রোডে সড়কের জায়গা দখল করে স্থাপিত ইজিবাইক মালিক সমিতির কার্যালয় পরিদর্শন করেন। পরে সমিতির কার্যালয়টি নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্যে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়। তাদের বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত সময় দেওয়া হয়।

কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কার্যালয়টি সরিয়ে না নিলে পরবর্তী সময়ে প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় শুধু ইজিবাইক মালিক সমিতির কার্যালয় নয়, দড়াটানা-ভৈরব নদের পাড় ও সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অন্যান্য স্থাপনার বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। সরকারি ও পৌরসভার জায়গা দখল করে স্থাপনা নির্মাণ বা দখল অব্যাহত রাখার বিষয়ে সতর্ক করে কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান।

দড়াটানা-ভৈরব নদের পাড় যশোর শহরের গুরুত্বপূর্ণ একটি এলাকা। এর পাশাপাশি গরীব শাহ রোডও শহরের ব্যস্ত এলাকা। এসব এলাকায় সড়ক ও নদের পাড়ের জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে ওঠার বিষয়টি প্রশাসন ও পৌরসভার নজরে এসেছে। এরই ধারাবাহিকতায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পৌর প্রশাসক রফিকুল হাসান জানান, সরকারি ও পৌরসভার জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনার বিরুদ্ধে পর্যায়ক্রমে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে। এ ধরনের স্থাপনা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দখল করা জায়গা উদ্ধার করে তা জনসাধারণের ব্যবহারের উপযোগী করতে অভিযান অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তিনি।