ইউপি নির্বাচন কবে, বৈঠকেও চূড়ান্ত হলো না তারিখ

0
ইউপি নির্বাচনের সার্বিক দিক ও সময়সূচি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।। ছবি: সংগৃহীত

আগামী ১২ নভেম্বর থেকে সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা থাকলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সঙ্গে বৈঠক শেষেও ভোটের তারিখ চূড়ান্ত করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। বিভিন্ন পাবলিক পরীক্ষা, পবিত্র রমজান মাস ও সার্বিক নির্বাচনী প্রস্তুতির বিষয়গুলো সমন্বয় করে সুনির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করতে আরও কিছু প্রক্রিয়া বাকি রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে ইসি ও শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় এবং দপ্তরের মধ্যে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানান, আগামী বছরের ৬ জুন এইচএসসি পরীক্ষা শুরুর আগেই সব ধাপের ইউপি নির্বাচন সম্পন্ন করার বিষয়ে সভায় উপস্থিত সবাই একমত হয়েছেন। তবে মূল ভোটগ্রহণ ঠিক কবে থেকে শুরু হবে, তা এখনো নির্ধারিত হয়নি।

ভোটের সম্ভাব্য সময়সূচি নিয়ে নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, নভেম্বর ও ডিসেম্বরজুড়ে নানা পরীক্ষা থাকায় বিরতি পাওয়া কঠিন হয়ে পড়েছে। জানুয়ারিতে কিছুটা সময় মিললেও ফেব্রুয়ারির শুরুতে রোজা এবং রোজার পরপরই এসএসসি পরীক্ষা শুরু হবে। এরপর এসএসসি পরীক্ষা শেষ হওয়া থেকে ৬ জুন এইচএসসি পরীক্ষা শুরুর মধ্যবর্তী সময়েও কিছু সময় পাওয়া যাবে। এই সীমিত সময়ের মধ্যে কীভাবে নির্বাচন আয়োজন করা যায়, তা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে আরও সমন্বয় করা প্রয়োজন।

বৈঠকে শিক্ষাসংশ্লিষ্ট দপ্তরগুলোর পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক বন্যার কারণে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার বিভিন্ন স্তরে যে ক্ষতি হয়েছে, তা এখনো পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ, মূল্যায়ন ও পরীক্ষা পরিচালনার বিষয় জড়িত থাকায় পরীক্ষা যাতে কোনোভাবে ব্যাহত না হয়, সে বিষয়ে অনুরোধ জানানো হয়েছে। নির্বাচন কমিশন এসব উদ্বেগকে যৌক্তিক আখ্যা দিয়ে সার্বিক বাজেট ও প্রস্তুতিমূলক কাজ শেষে দ্রুত নতুন তারিখ জানানোর কথা উল্লেখ করেছে।

পূর্বে ঘোষিত সম্ভাব্য সময়সূচি থেকে সরে আসার বিষয়টি নাকচ করে নির্বাচন কমিশনার বলেন, আগের সূচিটি সম্পূর্ণ প্রাক্‌প্রস্তুতিমূলক ও সম্ভাব্য ছিল। আজকের বৈঠকের প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে কমিশন সচিবালয় প্রয়োজনীয় সমন্বয় করবে এবং আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হবে।