মনিরামপুরে ২৫ বাড়িতে অগ্নিকাণ্ডের ভিডিও গুজব, ৬ আইডি শনাক্ত : পুলিশ

সনাতন পল্লীতে আগুন দেওয়ার ভুয়া দাবি শনাক্ত : বাংলাফ্যাক্ট

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুরে সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিকাণ্ডের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে গুজব বলে জানিয়েছে জেলা পুলিশ। এ ধরনের কোনো ঘটনা মনিরামপুরে ঘটেনি বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম।

একই সঙ্গে গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

এদিকে সনাতন পল্লীতে আগুন দেওয়ার ভুয়া দাবি করে রাঙ্গামাটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার দৃশ্য প্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বলেন, যশোর বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ জেলা। মহান মুক্তিযুদ্ধে যশোর ছিল দেশের প্রথম শত্রুমুক্ত জেলা। এ জেলায় বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে অসাম্প্রদায়িক চেতনায় শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন।

তিনি বলেন, একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে যশোরকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এরই অংশ হিসেবে ‘মনিরামপুরে সনাতনী পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগ’ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। অথচ যশোরে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। ভিডিওটি অসত্য এবং এর মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে।

তিনি আরও বলেন, যারা অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গুজব ছড়ানোর সঙ্গে জড়িত ছয়টি সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় আরও যারা জড়িত, তাদের শনাক্তের কাজ চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে যশোরে সনাতন পল্লীতে আগুন দেওয়ার ভুয়া দাবি করে রাঙ্গামাটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার দৃশ্য প্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, যশোরে সনাতন পল্লীতে আগুন দেওয়ার দাবিটি ভুয়া। এটি রাঙ্গামাটিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার দৃশ্য বলে শনাক্ত করা হয়েছে।

যশোর মনিরামপুরে সনাতন পল্লীতে সন্ত্রাসীদের আগুন দেওয়ার দাবিটি মিথ্যা। গত ৩ আগস্টে রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি বসতঘর ও তিনটি ফার্নিচার কারখানায় সৃষ্ট অগ্নিকান্ডের দৃশ্য এটি।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।

সম্প্রতি বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে নানা বিষয়ে অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।