ZFC 2: বাংলাদেশের প্রথম বেয়ার-নাকল বক্সিংসহ ১১ বাউটের লড়াই শুক্রবার

0
ZFC 2: বাংলাদেশের প্রথম বেয়ার-নাকল বক্সিংসহ ১১ বাউটের লড়াই শুক্রবার

স্পোর্টস রিপোর্টার, লোকসমাজ: বাংলাদেশের কমব্যাট স্পোর্টস অঙ্গনে নতুন অভিজ্ঞতার সাক্ষী হলো রাজধানী। প্রচলিত প্রেস ব্রিফিংয়ের আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে আন্তর্জাতিক ফাইটারদের সরাসরি অংশগ্রহণে জমে ওঠে ভিন্নধর্মী আয়োজন। প্রশ্নোত্তরের পাশাপাশি প্রতিপক্ষের মুখোমুখি হয়ে বক্সিং ভঙ্গিতে নিজেদের পরিচয় তুলে ধরেন ফাইটাররা। ফলে কিছু সময়ের জন্য প্রেস ব্রিফিংয়ের মঞ্চই যেন পরিণত হয় ছোট্ট এক ফাইটিং অ্যারেনায়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় অনুষ্ঠিত হবে Zulcan Fighting Championship (ZFC) 2: Pride of Bangladesh। এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) রাজদর্শন হলে অনুষ্ঠিত হয় অফিসিয়াল ওয়েই-ইন ও ব্যতিক্রমী প্রেস ব্রিফিং।

অনুষ্ঠানে ZFC কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, ইরান ও মালয়েশিয়ার ফাইটাররা অংশ নেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি নিজেদের প্রস্তুতি, লক্ষ্য এবং প্রতিপক্ষকে নিয়ে মতামত তুলে ধরেন তারা।

এবারের আসরের সবচেয়ে আলোচিত আকর্ষণ বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া বেয়ার-নাকল বক্সিং (Bare-Knuckle Boxing)। তিন রাউন্ডের এই লড়াইয়ে মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ ফাইটার উইল চোপ (Will Chope) এবং ইরানের মোস্তাফা আশৌরি (Mostafa Ashouri)।

প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকরা বেয়ার-নাকল বক্সিংয়ের বৈশিষ্ট্য, এর আন্তর্জাতিক জনপ্রিয়তা এবং বাংলাদেশে প্রথমবার এমন আয়োজনের তাৎপর্য নিয়ে প্রশ্ন করেন। দুই ফাইটারই নিজেদের প্রস্তুতি ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

এদিকে ZFC 2-এর মেইন ইভেন্টে WMO Asia Muay Thai Title-এর জন্য পাঁচ রাউন্ডের লড়াইয়ে বাংলাদেশের মাসজেদুল রেজা ওমিও মুখোমুখি হবেন থাইল্যান্ডের থানাপাত তিথাম-এর। ঘরের মাটিতে আন্তর্জাতিক শিরোপা জয়ের সম্ভাবনা ও প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ওমিও।

কো-মেইন ইভেন্টে ZFC Boxing Title-এর ছয় রাউন্ডের লড়াইয়ে বাংলাদেশের সুরা কৃষ্ণ চাকমা লড়বেন ইন্দোনেশিয়ার কুন্ডিমাং-এর বিপক্ষে। দীর্ঘ বিরতির পর রিংয়ে ফেরা সুরার প্রস্তুতি ও প্রত্যাশা নিয়েও আলোচনা হয়।

প্রো এমএমএ বিভাগে বাংলাদেশের মঞ্জুর আলম মুখোমুখি হবেন ইন্দোনেশিয়ার ফিলিপুস রাঙ্গা-র। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঞ্জুর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন এবং আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় চ্যালেঞ্জ গ্রহণের আগ্রহের কথা জানান।

এবারের আসরে মোট ১১টি বাউট অনুষ্ঠিত হবে, যার মধ্যে পাঁচটি শিরোপা লড়াই। ZFC Muay Thai Title-এর জন্য লড়বেন বাংলাদেশের মুহাম্মদ রাশেদ ও ইন্দোনেশিয়ার হ্যারি হুতাগালং। আরেকটি ZFC Boxing Title বাউটে সিঙ্গাপুরের শন রাফায়েল স্যানি মুখোমুখি হবেন বাংলাদেশের সিরাজুল রব্বীর।

এ ছাড়া মুয়াই থাইয়ে দেশীয় লড়াইয়ে মুখোমুখি হবেন শাদমান সাকিফ ও মাহেদী হাসান। নারী পেশাদার বক্সিংয়ে ছয় রাউন্ডের লড়াইয়ে বাংলাদেশের সানজিদা জান্নাত প্রতিদ্বন্দ্বিতা করবেন মালয়েশিয়ার মেরেডি মাইকেল-এর বিরুদ্ধে।

পেশাদার বক্সিংয়ের আরও দুটি বাউটে বাংলাদেশের রাকিব হোসেন লড়বেন ইন্দোনেশিয়ার ডেডি ইমপ্রাক্স-এর বিপক্ষে এবং সিঙ্গাপুরের ডোনোভান ম্যাকইনটায়ার মুখোমুখি হবেন বাংলাদেশের গণদান চাকমার।

কার্ডের উদ্বোধনী লড়াই হবে নারী সেমি-প্রো মুয়াই থাইয়ে। সেখানে অংশ নেবেন গাজী আরনাজ ও শাম্পা ইসলাম।

আয়োজকদের মতে, ZFC-এর লক্ষ্য শুধু প্রতিযোগিতা আয়োজন নয়; বরং আন্তর্জাতিক মানের প্রতিপক্ষের সঙ্গে বাংলাদেশের ফাইটারদের ঘরের মাঠে লড়াইয়ের সুযোগ তৈরি করা, পেশাদার কমব্যাট স্পোর্টসের বিকাশ ঘটানো এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম নতুন প্রজন্মের ফাইটার তৈরি করা।

এর আগে গত এপ্রিলে অনুষ্ঠিত হয়েছিল ZFC 1: The Takeover। দ্বিতীয় আসরের মাধ্যমে সেই উদ্যোগকে আরও বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছে আয়োজকরা।

তাদের আশা, বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনাকে কেন্দ্র করে ভবিষ্যতে বাংলাদেশি ফাইটারদের জন্য আন্তর্জাতিক মানের একটি স্থায়ী প্রতিযোগিতার মঞ্চ গড়ে উঠবে।

শুক্রবারের মূল লড়াইয়ের আগে বৃহস্পতিবারের প্রেস ব্রিফিংয়ে ফাইটারদের সরাসরি অংশগ্রহণ, প্রশ্নোত্তর এবং প্রতিপক্ষের মুখোমুখি হয়ে বক্সিং ভঙ্গিতে পরিচয় প্রদর্শনের আয়োজন দর্শক ও ক্রীড়াপ্রেমীদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। এখন অপেক্ষা রিংয়ে সেই উত্তেজনার চূড়ান্ত প্রকাশ দেখার।