যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের আরও এক নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জামতলা এলাকার একটি সড়ক আরসিসি ঢালাই করে পাকা করা হয়েছে। এতে স্বস্তি ফিরেছে ওই এলাকার প্রায় একশ পরিবারের।

বৃহস্পতিবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন ফিতা কেটে সড়কটি আনুষ্ঠানিকভাবে চলাচলের জন্য উন্মুক্ত করেন।

স্থানীয় ষাটোর্ধ্ব বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় অনিন্দ্য ইসলাম অমিত জামতলা এলাকায় গেলে এলাকাবাসী সড়কটি পাকা করার দাবি জানান। নির্বাচিত হলে তিনি এ দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী সড়কটি আরসিসি ঢালাই করে দেওয়া হয়েছে। এতে প্রায় একশ পরিবার চলাচলে স্বস্তি পাবে।

উদ্বোধনকালে দেলোয়ার হোসেন খান খোকন বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারের পথচলা শুরু হয়েছে। তারেক রহমানের সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত নিজ এলাকায় বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নকাজ শুরু করেছেন। এসব কাজ বর্তমানে চলমান রয়েছে। উন্নয়নমূলক কাজগুলো সফলভাবে সম্পন্ন করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা অধ্যাপক আব্দুল কুদ্দুস, আবুল কাশেম কালুসহ স্থানীয় নেতাকর্মীরা।