কুয়াদায় শিক্ষার্থীদের আড্ডা ও ধূমপান রোধে অভিযান

0
ছবি: সংগৃহীত।

রমজান আলী, কুয়াদা (যশোর)॥ যশোর সদর ও মনিরামপুর উপজেলার সীমান্তবর্তী কুয়াদায় স্কুল ফাঁকি দিয়ে শিক্ষার্থীদের আড্ডা ও ধূমপান রোধে অভিযান চালানো হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার কমিটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করা হয়।

কুয়াদা স্কুল অ্যান্ড কলেজ, কুয়াদা দারুচ্ছুন্নাহ ফাজিল মাদ্রাসার শিক্ষক ও কুয়াদা বাজার কমিটির নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে স্থানীয় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। বিশেষ করে চায়ের দোকান, ফাস্টফুডের দোকান ও সেলুনে নজরদারি করা হয়।

অভিযানকালে যেসব স্থানে শিক্ষার্থীরা প্রতিষ্ঠান ফাঁকি দিয়ে আড্ডা দেয় বলে অভিযোগ রয়েছে, সেখানে গিয়ে তাদের সতর্ক করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের কাছে সিগারেট বা মাদকজাতীয় দ্রব্য বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অভিযানে কুয়াদা স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মিজানুর রহমান বাবলু, অধ্যক্ষ ওয়াজেদ আলী, কুয়াদা দারুচ্ছুন্নাহ ফাজিল মাদ্রাসার সভাপতি ডা. আলা উদ্দীন, অধ্যক্ষ মাওলানা জসীমউদ্দীন, বাজার বণিক সমিতির আহ্বায়ক আখতারুজ্জামান শান্তি, সহকারী অধ্যাপক জি এম আনিচুর রহমান, বিএনপি নেতা সিরাজ মোল্যা, নাসির উদ্দিন টনিসহ শিক্ষক ও অভিভাবকরা অংশ নেন।

সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আড্ডা এবং নেশাজাতীয় দ্রব্য সেবনের বিষয়টি নজরে এসেছে। এ কারণে বিদ্যালয় চলাকালীন শিক্ষার্থীদের অযথা ঘোরাফেরা ও আড্ডা বন্ধে নিয়মিত নজরদারি চালানো হবে।

কুয়াদা স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মিজানুর রহমান বাবলু বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশনায় আমরা মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছি। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যতের জন্য প্রয়োজন হলে আরও কঠোর নজরদারি করা হবে।”

বাজার বণিক সমিতির আহ্বায়ক আখতারুজ্জামান শান্তি বলেন, “কোনো অসাধু ব্যবসায়ী শিক্ষার্থীদের কাছে সিগারেট বা মাদকদ্রব্য বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

শিক্ষকরা বলেন, শুধু বিদ্যালয়ের ভেতরেই নয়, শিক্ষার্থীরা বাইরে কোথায় যাচ্ছে এবং কী করছে, সেদিকেও নজর দেওয়া জরুরি। এ জন্য শিক্ষা প্রতিষ্ঠান, বাজার কমিটি, অভিভাবক ও স্থানীয়দের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

অভিভাবক ও স্থানীয় সচেতন মহল শিক্ষার্থীদের স্কুলমুখী করা এবং ধূমপান ও মাদক থেকে দূরে রাখতে এ ধরনের কার্যক্রম নিয়মিত চালু রাখার আহ্বান জানিয়েছেন।