১০ দেশের অংশগ্রহণে আজ শুরু ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার

0
আজ শুরু ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার

স্টাফ রিপোর্টার: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ)। বাংলাদেশসহ ১০টি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

দেশি-বিদেশি পর্যটক আকর্ষণ এবং পর্যটনশিল্পের ব্যবসায়িক সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্যে এবারের এশিয়ান ট্যুরিজম ফেয়ারের আয়োজন করা হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেলার বিভিন্ন আয়োজন ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের তথ্য জানান এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল।

আয়োজকদের তথ্য অনুযায়ী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মেলার উদ্বোধন করবেন। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতারসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের উপস্থিত থাকার কথা রয়েছে।

মেলায় প্রায় ৩০০টি বুথে হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, এয়ারলাইনস, সরকারি ও বেসরকারি পর্যটন প্রতিষ্ঠান, বিদেশি দূতাবাসসহ বিভিন্ন সংস্থা তাদের পর্যটন পণ্য ও সেবা প্রদর্শন করবে।

এবারের মেলার বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে ‘ডেস্টিনেশন বাংলাদেশ শোকেস’, ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম শোকেস’ এবং ‘বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেস’। এসব আয়োজনের মাধ্যমে দেশের পর্যটন গন্তব্য, আন্তর্জাতিক ভ্রমণ সম্ভাবনা এবং পর্যটন খাতে বিনিয়োগের সুযোগ তুলে ধরা হবে।

এ ছাড়া বিটুবি (বিজনেস-টু-বিজনেস) সেশন, সেমিনার, ডেস্টিনেশন প্রেজেন্টেশন, প্যানেল আলোচনা, প্রোডাক্ট প্রমোশন এবং নেটওয়ার্কিং কার্যক্রমেরও আয়োজন রাখা হয়েছে, যা পর্যটন খাতের অংশীজনদের মধ্যে যোগাযোগ ও ব্যবসায়িক সহযোগিতা বাড়াতে সহায়ক হবে।

মেলার তিন দিনই সন্ধ্যায় বাংলাদেশ, নেপাল ও ফিলিপাইনের সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। আয়োজকদের আশা, এ আয়োজন পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকদের কাছে বিভিন্ন গন্তব্য ও সেবা আরও কার্যকরভাবে তুলে ধরতে ভূমিকা রাখবে।