স্কাউটের মাধ্যমে আগামীর দক্ষ নেতৃত্ব গড়ে তুলতে হবে : ড. মো. মোজাম্মেল হক খান

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ স্কাউটসের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান বলেছেন, স্কাউটের মাধ্যমে আগামীর বাংলাদেশের দক্ষ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে। এ জন্যে তাদেরকে সামাজিকভাবে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। শিক্ষার্থীদের মানবিক শক্তি অর্জন করতে হবে। তাদের গতি হবে শেকড় থেকে শিখর পর্যন্ত।
শুক্রবার (১৯ মে) যশোর শহরতলী পুলেরহাটের আঞ্চলিক স্কাউট কেন্দ্রে খুলনা অঞ্চলের শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাডওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. মো. মোজাম্মেল হক খান আরো বলেন, আজকে যারা পুরস্কার পেয়েছে তাদের এই অর্জনের ধারা অব্যাহত রাখতে হবে। মনে রাখতে হবে অর্জনেরও শেষ নেই। তেমন চেষ্টারও শেষ নেই। আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ স্কাউটস বিশ্বে দ্বিতীয় স্থানে দাঁড়াবে। বর্তমানে এশিয়া মহাদেশেসহ সারা বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। যে জায়গায় স্কাউটের দল নেই, সেখানে দল গঠনের সিন্ধান্ত নেয়া হয়েছে। সেই প্রক্রিয়াতেই দেশের সকল মাদ্রাসা- কিন্ডারগার্টেনে স্কাউট দল গঠন করা হবে। এমনকি পথশিশুদের নিয়েও কাজ করবে বাংলাদেশ স্কাউট। স্কাউটের বয়স ৫০ বছর হয়েছে। ইতোমধ্যে আমরা সুবর্ণজয়ন্তী পালন করেছি। আমাদের খেয়াল রাখতে হবে ৫০ বছর আগে আমাদের সদস্য ছিলো ৫০ হাজার। আজকে সেটি দাঁড়িয়েছে ২২ লাখ ৩৪ হাজার। আমরা ঘোষণা দিয়েছি আগামী ২০৩০ সালের মধ্যে প্রতিটি স্কুলে দুটি করে দল গঠন করার। তার পরে এটি দাঁড়াবে অর্ধকোটিতে।
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোরের চেয়ারম্যান প্রসেফর ড. মো. আহসান হাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস জাতীয় কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) এম এম ফজলুল হক আরিফ, জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, স্কাউটসের কমিশনার (প্রোগ্রাম)মোহাম্মদ আতিকুজ্জামান, নির্বাহী পরিচালক উনু চিং, স্কাউটসের খুলনা অঞ্চলের কমিশনার রুহুল আমিন ,স্কাউটসের খুলনা অঞ্চলের সম্পাদক ও আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আবুল খায়ের। অনুষ্ঠানে ২০১৭ সাল থেকে ২০১৯ সালের ৮টি গ্রুপে ২২১জনকে শাপলা কাব অ্যাওয়ার্ড ও ৪৫ জনকে ২০২০ সালের প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড প্রদান করেন অতিথিবৃন্দ।