কপ৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

0
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১-এ যোগ দিতে এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে আগামীকাল তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান।। ফাইল ছবি: সংগৃহীত

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ৩১ সম্মেলন-এ যোগ দিতে আগামীকাল তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি এই সফরে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে এবং প্রধানমন্ত্রী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন। এ উপলক্ষে আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের প্রস্তুতি ও কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি।

সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র সচিব জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এসব বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও একটি বৈঠকের সম্ভাবনা নিয়ে কাজ চলছে।

উভয় পক্ষের বৃহত্তর সম্পর্কের বিষয়ে আলোচনা হলেও বহুপক্ষীয় সম্মেলনের ফাঁকে আয়োজিত সৌজন্য সাক্ষাতে সুনির্দিষ্ট কোনো প্রকল্প বা চুক্তির বিষয় চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম বলে জানানো হয়।

সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে প্রধানমন্ত্রী জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু-সহনশীল টেকসই উন্নয়নের বিষয়ে বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশা তুলে ধরবেন।

পররাষ্ট্র সচিব উল্লেখ করেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ হওয়া সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের দিক থেকে দেশটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোর একটি। এই প্রেক্ষাপটে জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার। আন্তর্জাতিক পর্যায়ে এসব বিষয় তুলে ধরার ফলে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে সচেতনতা তৈরি হয়, যা দেশের অনুকূলে কাজ করে।

সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের প্রস্তুতি নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে আন্তঃমন্ত্রণালয় আলোচনার মাধ্যমে সমন্বয় করা হয়েছে।

এবারের সম্মেলনে তুরস্ক সভাপতিত্ব করছে এবং জলবায়ুবিষয়ক আনুষ্ঠানিক আলোচনা প্রক্রিয়ায় অস্ট্রেলিয়া সহ-সভাপতির দায়িত্ব পালন করছে। সম্মেলনের পাশাপাশি ‘গ্রিন জোন’-এ একটি ‘পাট প্যাভিলিয়ন’ স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে পাটের বহুমুখী ব্যবহার, পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে এর সম্ভাবনাকে তুলে ধরা হবে এবং তুরস্কের সঙ্গে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার ও প্রচার সংক্রান্ত একটি যৌথ ঘোষণা স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে।

এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয় ১২ ও ১৩ নভেম্বর ‘ব্লু জোন’-এ দুটি সাইড ইভেন্টের আয়োজন করবে; যার একটিতে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের লিঙ্গভিত্তিক ঝুঁকির বিষয়টি এবং অন্যটিতে কৃত্রিম পলিমার-ভিত্তিক পণ্যের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ও পচনশীল পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র সচিব আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের এই অংশগ্রহণ আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে দেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পররাষ্ট্র সচিব (জনকূটনীতি ও অন্যান্য অগ্রাধিকার বিষয়ক) এ কে এম শহীদুল করিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাসস