আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী

0
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।। ছবি: পিএমও

লোকসমাজ অনলাইন ডেক্স ॥  ভবিষ্যতে কেউ যেন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার হরণ করে বাংলাদেশকে আর কখনো তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, সেটিই হোক এবারের ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে জাতীয় পতাকা হাতে তরুণ ক্যাডেট ও স্কাউট সদস্যদের বর্ণিল পরিবেশনা ।। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী বলেন, এই অঙ্গীকার বাস্তবায়নে জাতীয় ঐক্য সুদৃঢ় করা জরুরি এবং দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় সিপাহি-জনতার বিপ্লবের চেতনাকে মনে-প্রাণে ধারণ করতে হবে।

অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় ও সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে বিএনসিসি ও স্কাউটসের সদস্যরা অংশ নেন এবং প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদের সদস্য এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লব, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ কখনোই জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে আপস করেনি। ১৯৭৫ সালের ৩ নভেম্বর সেনাপ্রধান জিয়াউর রহমানকে গৃহবন্দি করে যে চক্রান্ত শুরু হয়েছিল, ৭ নভেম্বর দেশপ্রেমিক সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করেছিল।

সংহতি দিবসের বিশেষ প্রদর্শনীতে বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির নানা রূপ ফুটিয়ে তোলার সুদৃশ্য সাংস্কৃতিক পরিবেশনা ।। ছবি: পিএমও

পরবর্তী সময়ে পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাকাণ্ড ও ফ্যাসিবাদের মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চক্রান্তের কথা উল্লেখ করে তিনি বলেন, হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে ২০২৪ সালের অভ্যুত্থানে সেই অপশক্তির পতন ঘটেছে।

তরুণ প্রজন্মের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সঠিক ইতিহাস জাতিকে আত্মমর্যাদা অর্জনে প্রেরণা জোগায় এবং সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের তাৎপর্য চিরকাল প্রাসঙ্গিক থাকবে। পরিশেষে ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কেউ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে একটি মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।