বিজ্ঞান অলিম্পিয়াডে দেশসেরা আকিজ কলেজিয়েটের ফাহমিদা মুন্নী

0

 

৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৩ এ ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করেছে যশোরের ঝিকরগাছার আকিজ কলেজিয়েট স্কুলের ছাত্রী ফাহমিদা মুন্নী। মুন্নী আকিজ কলেজিয়েট স্কুলে দ্বাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে সে।
বুধবার (২১ জুন) রাজধানীর আগারগাঁও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কমপ্লেক্সে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান।
বিজ্ঞান ও প্রযুুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও ৭ম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। তিন দিনব্যাপী এই আয়োজন ১৯ জুন থেকে শুরু হয়ে ২১ জুন সমাপ্ত হয়।
জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে বিজ্ঞান বিভাগ থেকে লিখিত প্রশ্নের উত্তর করে চ্যাাম্পিয়ন হয়েছে ফাহমিদা মুন্নী। ঝিকরগাছা উপজেলা ও যশোর জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে ১ম স্থান অধিকার করে। এরপর জাতীয় পর্যায়ে ৬৪ জেলার ১২৮ জন প্রতিযোগির মধ্যেও ১ম স্থান অর্জন করে মুন্নী।
তাকে পুরস্কার হিসেবে নগদ ১০ হাজার টাকা, সম্মাননা স্মারক এবং সনদপত্র প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তি।