বিপিসির ৪,৮১৩ কোটি টাকার এফডিআর, তদন্তে সাত সদস্যের কমিটি

0

লোকসমাজ ডেস্ক: দেশের জ্বালানি তেল আমদানির দায়িত্বে থাকা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও এর অঙ্গপ্রতিষ্ঠানগুলোর ৪ হাজার ৮১৩ কোটি টাকার বেশি স্থায়ী আমানত (এফডিআর) আর্থিকভাবে দুর্বল ও সংকটে থাকা বিভিন্ন বেসরকারি ব্যাংকে রাখা হয়েছে। বিপুল এ অর্থের নিরাপত্তা, আমানত রাখার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং এ ক্ষেত্রে কোনো অনিয়ম বা আর্থিক সুবিধা নেওয়ার ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখতে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিপিসি।

বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত অফিস আদেশে গত ৩ নভেম্বর এ তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে বিপিসির পরিচালক (অর্থ) নাজনীন পারভীনকে। ব্যবস্থাপক (হিসাব/তহবিল) মো. আল-আমিনকে সদস্যসচিব করা হয়েছে। কমিটিকে এক মাসের মধ্যে তদন্ত শেষ করে বিপিসি চেয়ারম্যানের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জ্বালানি তেল আমদানির মতো গুরুত্বপূর্ণ জাতীয় খাত পরিচালনায় বিপিসির হাতে নিয়মিত বড় অঙ্কের অর্থ থাকে। এসব অর্থ প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ব্যাংকে স্থায়ী আমানত বা এফডিআর হিসেবে রাখা হয়। তবে সাম্প্রতিক সময়ে দেশের ব্যাংক খাতে তারল্য সংকট, দুর্বল আর্থিক ভিত্তি ও সুশাসন নিয়ে নানা প্রশ্ন ওঠায় সংকটাপন্ন ব্যাংকগুলোতে বিপুল সরকারি অর্থ জমা রাখার সিদ্ধান্ত নতুন করে আলোচনায় এসেছে।

তদন্ত কমিটি প্রথমেই খতিয়ে দেখবে, কোন প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে বিপুল অঙ্কের এফডিআর রাখা হয়েছিল। কোন কর্মকর্তা বা কর্মকর্তাদের সুপারিশে এসব সিদ্ধান্ত নেওয়া হয় এবং আমানত রাখার ক্ষেত্রে সুদের হার ছাড়াও ব্যাংকগুলোর আর্থিক সূচক ও ব্যবসায়িক সক্ষমতা বিবেচনায় নেওয়া হয়েছিল কি না, তা-ও অনুসন্ধান করা হবে।

বিশেষ করে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা, তারল্য পরিস্থিতি এবং আমানত ফেরত দেওয়ার সামর্থ্য যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছিল কি না, তা তদন্তের আওতায় থাকবে।

বিপুল অঙ্কের আমানত রাখার ক্ষেত্রে কোনো কর্মকর্তা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন কি না, কিংবা কমিশন, ঘুষ বা অন্য কোনো অনৈতিক আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন কি না, সেটিও খতিয়ে দেখবে কমিটি। ব্যাংকগুলোর তুলনামূলক বেশি সুদের প্রস্তাব আমানত রাখার সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলেছিল এবং এর আড়ালে কোনো অনৈতিক সুবিধা নেওয়া হয়েছিল কি না, তা-ও অনুসন্ধান করা হবে।

তদন্ত কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে বিভিন্ন সংকটাপন্ন ব্যাংকে থাকা বিপিসি ও এর অঙ্গপ্রতিষ্ঠানগুলোর ৪ হাজার ৮১৩ কোটি ৩২ লাখ টাকার এফডিআর নিরাপদে ফেরত আনার উপায় নির্ধারণ করা।

এ জন্য কোন ব্যাংকে কত অর্থ জমা রয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর বর্তমান আর্থিক অবস্থা কী এবং নির্ধারিত সময়ে আমানত ফেরত পাওয়ার ক্ষেত্রে কী ধরনের ঝুঁকি রয়েছে, তা পর্যালোচনা করবে কমিটি। এসব বিষয় বিবেচনায় নিয়ে অর্থ ফেরত আনার জন্য প্রয়োজনীয় কর্মপরিকল্পনার সুপারিশ করা হবে।

পাশাপাশি বিপিসি ও এর অঙ্গপ্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ স্থায়ী আমানত ব্যবস্থাপনার জন্য একটি কার্যকর নীতিমালা প্রণয়নের বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। প্রস্তাবিত নীতিমালায় ব্যাংকের আর্থিক সক্ষমতা, তারল্য, নগদ প্রবাহ, দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা এবং আমানত ফেরত দেওয়ার সক্ষমতাকে গুরুত্ব দেওয়ার সুপারিশ করা হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অর্থ ব্যবস্থাপনায় শুধু বেশি সুদের হার বিবেচনা করলেই চলে না; সংশ্লিষ্ট ব্যাংকের সামগ্রিক আর্থিক সক্ষমতা ও ঝুঁকিও মূল্যায়ন করা জরুরি। বিশেষ করে জ্বালানি তেল আমদানির মতো জাতীয় গুরুত্বপূর্ণ খাতে ব্যবহৃত অর্থের আমানত ও বিনিয়োগ ব্যবস্থাপনায় বাড়তি সতর্কতা প্রয়োজন।

বিপিসির তদন্ত কমিটির প্রতিবেদনেই স্পষ্ট হবে, সংকটাপন্ন ব্যাংকগুলোতে বিপুল অঙ্কের অর্থ জমা রাখার সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়েছিল, সেখানে কোনো অনিয়ম বা ব্যক্তিগত সুবিধা নেওয়ার ঘটনা ঘটেছিল কি না এবং আমানত ফেরত আনার ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

জনগণের অর্থের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে একই ধরনের ঝুঁকি এড়াতে কার্যকর নীতিমালা ও কঠোর আর্থিক নজরদারি প্রতিষ্ঠার বিষয়টিও এ তদন্তে গুরুত্ব পাবে।