শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

0
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।। ছবি: সংগৃহীত

দেশে ফিরতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে করা আবেদনের বিষয়টির সত্যতা এবং এর আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, তিনিও বিষয়টি শুনেছেন যে পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তাঁর পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন, তবে এর সত্যতা এখনো যাচাই করা যায়নি।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খোঁজখবর নিচ্ছে এবং আবেদনটি আসলেই সঠিকভাবে ও আইনসম্মতভাবে করা হয়েছে কি না, তা সব খুঁটিনাটি দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোনো দণ্ডিত আসামি যে দেশে আশ্রয় নেয়, সে দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারকে চিঠি দিয়েছে, যাতে তাঁকে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়।

এ ছাড়া বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও নাশকতা প্রসঙ্গে তিনি বলেন, পতিত শক্তি এখানে অস্থিরতা সৃষ্টির জন্য মাঝেমধ্যে কিছু বাসে ও স্থাপনায় আক্রমণ করছে, যা পুলিশ আইনানুগভাবে প্রতিহত ও দমন করছে।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয় যে, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এই প্রথম শেখ হাসিনা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন।