তৈরি পোশাকশ্রমিকদের মাসিক সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের

0
তৈরি পোশাকশ্রমিকদের মাসিক সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের শ্রমিকদের জন্য ৪৮ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব জমা দিয়েছে শ্রমিকপক্ষ।। ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশ্রমিকদের মজুরি হিসেবে মাসিক সর্বনিম্ন ৩২ হাজার টাকা নির্ধারণ করার সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। একই সঙ্গে শিক্ষানবিস শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের শ্রমিকদের জন্য ৪৮ হাজার টাকা মজুরি নির্ধারণের প্রস্তাব তোলা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিরা এই প্রস্তাব জমা দেন। সভা শেষে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার সাংবাদিকদের এই তথ্য জানান।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী গ্রেড-১-এর জন্য ৪৮ হাজার, গ্রেড-২-এর জন্য ৪৩ হাজার, গ্রেড-৩-এর জন্য ৩৮ হাজার এবং গ্রেড-৪-এর জন্য ৩২ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। এর আগে বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকেও বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়ে সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার দাবি জানানো হয়েছিল।

এদিকে সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা না দিয়ে সময় প্রার্থনা করলে বোর্ড চার কার্যদিবস সময় মঞ্জুর করে। নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, উভয় পক্ষের প্রস্তাব চাওয়া হলেও মালিকপক্ষ সময় চেয়েছে।

এ ছাড়া বাস্তব পরিস্থিতি যাচাই করতে চলতি সপ্তাহে বিভিন্ন কারখানা পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে বিভিন্ন বিষয় পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সরকার গত ১ নভেম্বর ছয় সদস্যের এই নিম্নতম মজুরি বোর্ড গঠন করে এবং প্রথম সভায় আগামী ডিসেম্বর থেকে নতুন কাঠামো কার্যকরের আলোচনা হয়। বর্তমানে দেশের পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা ২০২৩ সালের নভেম্বরে নির্ধারণ করা হয়েছিল।