ঝিকরগাছায় প্রবীণ রাজনীতিবিদ হারুন বিশ্বাসের ইন্তেকাল, বাদ জোহর জানাজা সম্পন্ন

0
ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রবীণ রাজনীতিবিদ হারুন বিশ্বাসের জানাজার নামাজে সর্বস্তরের মানুষের উপস্থিতি।। ছবি: ভিডিও থেকে নেওয়া

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) ॥ যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, পৌর বিএনপির সাবেক সভাপতি এবং সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ রাজনীতিবিদ হারুন বিশ্বাস (৮০) আর নেই।

সোমবার (৯ নভেম্বর) ভোর রাতে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর এই আকস্মিক প্রয়াণে ঝিকরগাছার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এদিন বাদ জোহর ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

মোবারক শাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুশফিকুর রহমান জানাজার নামাজ পরিচালনা করেন। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষের উপচে পড়া ঢল নামে। জানাজা শেষে মোবারকপুরস্থ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজাপূর্ব স্মৃতিচারণমূলক বক্তব্যে ঝিকরগাছা ও যশোরের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতারা মরহুম হারুন অর রশিদ বিশ্বাসকে একজন সৎ, নিরহংকার, জনবান্ধব ও সাদা মনের রাজনীতিবিদ হিসেবে স্মরণ করেন।

জানাজাপূর্ব স্মৃতিচারণে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, মরহুমের মেঝো ছেলে মারুফ বিশ্বাস এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা।

বক্তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দল ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন এবং তাঁর মৃত্যুতে ঝিকরগাছা একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক অভিভাবককে হারালো।

জানাজায় ও শেষ বিদায়ে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক, সাংগঠনিক সম্পাদক শহিদুল বারি রবু, জেলা বিএনপি নেতা হাজী আনিছুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুণ, সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি শহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুস সাত্তার, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশীদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রাজিব মাহমুদ, আসাদুজ্জামান শাহিন, আমিনুর রহমান মিন্টু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সভাপতি নাজমুল হক নাজু, সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমল এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে, প্রবীণ এই রাজনীতিবিদ হারুন অর রশিদ বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঝিকরগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।