পাসপোর্ট নিয়ে নাটকের সুযোগ নেই, শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফেরার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

0
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।। ছবি: সংগৃহীত

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদনের বিষয়টিকে ‘চরম হাস্যকর’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি স্পষ্ট জানিয়েছেন যে বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না, বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়।

আজ সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ আইনি পরামর্শক সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ই-মেইলে ওই আবেদন করা হলেও, তাতে শেখ হাসিনার কোনো অনুমোদন বা অথরাইজেশনের প্রমাণপত্র ছিল না বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে ভারতে স্বেচ্ছানির্বাসনে থাকা শেখ হাসিনার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ ওই আইনি পরামর্শক সংস্থার আবেদনকে নৈতিক, আইনি ও পেশাগত দিক থেকে অত্যন্ত দুর্বল বলে সমালোচনা করেন। তিনি বলেন, যেকোনো ল’ ফার্মেরই জানা উচিত তাদের মক্কেল দেড় হাজারের বেশি মানুষকে হত্যা করে দেশ থেকে পালিয়েছেন এবং জনগণের লুট করা টাকার পেছনে না ছুটে তাদের নৈতিক সীমারেখা মানা উচিত।

পলাতক অপরাধীদের ক্ষেত্রে সাধারণ পাসপোর্টের আবেদন কোনোভাবেই কার্যকর হবে না উল্লেখ করে তিনি জানান, ভারত সরকারের সঙ্গে থাকা প্রত্যর্পণ ও বন্দিবিনিময় চুক্তির আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই তাঁকে ফিরিয়ে আনা হবে। শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরতে চান, তবে তাঁকে ভারত সরকারকে বলে সেই চুক্তির আওতায় হস্তান্তর হতে হবে এবং আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করতে হবে।