শৈলকুপায় নবীন শিক্ষার্থীদের পদাচারণায় ক্যাম্পাস মুখরিত

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ সারাদেশের মত ঝিনাইদহের শৈলকুপায় নতুন শিক্ষার্থীদের আনাগোনায় শিক্ষাঙ্গণে যেন প্রাণ ফিরেছে। কলেজের প্রথম দিনে নবীনদের চোখে ছিল খুশির আবেগী ঝিলিক। সবকিছু ছাপিয়ে প্রাণচাঞ্চল্য ছিল কলেজের ক্লাসরুমগুলো। বুধবার শৈলকুপার শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজে প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষকরা কলেজের শিক্ষার্থীদের রজনীগন্ধা ও গোলাপফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মশিউর রহমান তাজু, রবিউল ইসলাম লাভলু, ইসমত আরা সুইটি, শাহনাজ খানম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মতিউর রহমান, ইসলামের ইতিহাসের প্রধান শহিদুল ইসলাম, নিরপুমা নাজনিন লিসা, নজরুল ইসলাম, আশরাফুল ইসলাম, এম এ কবির ও মাসুদুজ্জামান লিটন। কলেজ জীবনের প্রথম দিনের অনুভূতি জানিয়ে শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী নাহিদ হাসান, কৈশিকুর রহমান, রাশেদ আহমেদ বলেন, দীর্ঘ প্রায় আড়াই বছর করোনা ভাইরাসের কারণে কলেজে আসতে পারিনি। তাই আজকের দিনটি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ও স্মরণীয় হয়ে থাকবে। কলেজের অধ্যক্ষ আসাদুর রহমান শাহিন বলেন, শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজের আজকের এই নবীনবরণ অনুষ্ঠানে আমাদের সর্বোচ্চ ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে সকলের জন্য অভ্যর্থনার আয়োজন করেছি। সকলকে ধৈর্য ধরে সময় নিয়ে জীবনে অনেক বড় হওয়ার অনুরোধ করেছি। এদিকে ঝিনাইদহ ফজের আলী স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের তাজা গোলাপ দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় কলেজ অধ্যক্ষ জয়া রানী চন্দ, স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক কানু গোপাল মজুমদার, প্রভাষক জাহিদুল ইসলাম, পলাশ কুমার ও সুশান্ত কুমার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।