অভয়নগরে লেবুগাতী খালে ঐতিহ্যের নৌকাবাইচ, হাজারো মানুষের উৎসবমুখর ভিড়

0
অভয়নগরে লেবুগাতী খালে ঐতিহ্যের নৌকাবাইচ

নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর (যশোর) : শরতের বিকেলে খালের বুকে বৈঠার ছন্দ, মাঝিদের উদ্দীপনাময় স্লোগান আর দুই পাড়জুড়ে হাজারো মানুষের উচ্ছ্বাস—সব মিলিয়ে যেন ফিরে এলো গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্য। যশোরের অভয়নগরে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শুভরাড়া ইউনিয়নের হিদিয়া গ্রামের লেবুগাতী খালে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ১০টি নৌকা অংশ নেয়। শুরু থেকেই প্রতিটি দৌড়ে ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা, যা দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা সৃষ্টি করে।

নৌকাবাইচকে ঘিরে দুপুর থেকেই খালের দুই তীরে ভিড় জমাতে থাকেন নারী, পুরুষ ও শিশুসহ নানা বয়সী মানুষ। বৈঠার তালে তালে এগিয়ে চলা নৌকা আর দর্শকদের করতালিতে পুরো এলাকা পরিণত হয় এক প্রাণবন্ত উৎসবমঞ্চে।

অভয়নগরে লেবুগাতী খালে ঐতিহ্যের নৌকাবাইচ
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ‘বিলা মেম্বরের নৌকা’

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ‘বিলা মেম্বরের নৌকা’। দ্বিতীয় হয় ‘ইন্দ্রজিতের নৌকা’ এবং তৃতীয় স্থান লাভ করে ‘গণেশের নৌকা’। পরে বিজয়ীদের হাতে আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়।

ওয়ার্ড বিএনপির সভাপতি আবু মোছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু। উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রফসান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল ফারাজি, সাধারণ সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর কবির নাসিম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ এবং ইউপি সদস্য মিলাঙ্গীর হোসেন।

অনুষ্ঠান আয়োজনের সার্বিক সহযোগিতা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন বিশ্বাস। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিযোগিতা উপভোগ করেন।

আয়োজকরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এবং সামাজিক সম্প্রীতি জোরদার করতেই এ ধরনের আয়োজন অব্যাহত রাখা হবে।