বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনে ফেনী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

0
সরকার গঠনের পর প্রথম সফরে ফেনী গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী সফরে ১ হাজার ৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন, সোলার বিদ্যুৎ ব্যবস্থা এবং ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণসহ নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন তিনি।। ছবি: পিএমও

ফেনী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও বেশ কিছু সূচিতে অংশ নিতে সকালে রওনা হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল পৌনে ৯টায় তিনি রাজধানী ঢাকার গুলশানের বাসভবন থেকে ফেনীর উদ্দেশে যাত্রা করেন। সরকার গঠনের পর এটিই তাঁর প্রথম ফেনী সফর।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, এক দিনের এ সফরে তিনি ফেনী জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রম অন্যতম।

সফরের সূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে গৃহীত ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন।

"এক দিনের এ সফরে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায়
বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন, বৃক্ষরোপণ,
রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ এবং
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ
বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।"
— 
প্রধানমন্ত্রীর প্রেস উইং

উদ্বোধন শেষে তিনি স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। গত ১৬ জুন একনেকে অনুমোদিত এই প্রকল্পটির মাধ্যমে ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে। ২০৩০ সালের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এরপর দুপুর সোয়া ১টায় পরশুরাম থেকে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর দেড়টায় কলেজ প্রাঙ্গণে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরবর্তীতে দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় গিয়ে রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন এবং সেখানে মধ্যাহ্নভোজ ও কিছু সময় বিশ্রাম নেবেন।

বিকাল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে সুবিধাভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করা হবে। একই অনুষ্ঠানে তিনি বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের পুরোহিতদের সম্মানী হস্তান্তর করবেন। সফর শেষে বিকেল সাড়ে ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর এই সফরটি পূর্বে গত ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তারিখ পুনঃনির্ধারণ করে ১ অক্টোবর আয়োজন করা হয়।