চুয়াডাঙ্গায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে গেলেন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

0
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ পালিয়ে গেছেন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আবু ছিদ্দিক।। ফাইল ছবি: সংগৃহীত

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি ॥ হাতকড়া পরে পালালো চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আবু ছিদ্দিক। পুলিশ তাঁকে আটক করতে গেলে স্বজন ও প্রতিবেশীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কুড়ুলগাছী ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে এ অপ্রীতকর ঘটনাটি ঘটে।

পলাতক আবু ছিদ্দিক কুড়ুলগাছী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং চণ্ডিপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

"পলাতক আসামীকে পুনরায় গ্রেপ্তার এবং
পুলিশের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে
আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।" 
— 
মুখলেসুর রহমান, পরিদর্শক (তদন্ত), দর্শনা থানা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আবু ছিদ্দিককে আটক করতে রাতে চণ্ডিপুর গ্রামে অভিযান চালায় দর্শনা থানার একদল পুলিশ। পুলিশ সদস্যরা তাঁকে নিজ এলাকা থেকে আটক করে হাতে হাতকড়া পরায়। এ সময় তাঁর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে জোরপূর্বক ছিনিয়ে নেয়। এক পর্যায়ে হাতকড়াসহ চম্পট দেন আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিক।

সংঘর্ষের ঘটনায় দর্শনা থানার দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পরবর্তীতে পুলিশ চণ্ডিপুর গ্রামে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন—চণ্ডিপুর হালদারপাড়ার রবি হালদারের ছেলে লক্ষ্মণ, সেলিমের ছেলে ফিরোজ, সঞ্চয়ের স্ত্রী কণা এবং সঞ্জিতের স্ত্রী সোনালী।

"আবু ছিদ্দিককে আটক করতে গেলে পরিবারের লোকজনসহ
প্রতিবেশীরা পুলিশের ওপর হামলা চালিয়ে
তাঁকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়।" 
—
নুরুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার, দামুড়হুদা-জীবননগর সার্কেল

দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সংগঠনের নেতা আবু ছিদ্দিককে আটক করতে গেলে তাঁর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। পলাতক ইউপি সদস্যকে পুনরায় গ্রেপ্তার এবং হাতকড়া উদ্ধারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।

দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) মুখলেসুর রহমান জানান, পুলিশের কাজে বাধা দেওয়া এবং আসামী ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি পলাতক আসামী আবু ছিদ্দিককে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।