২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

0
সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ ২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান তখনই সফল হয়েছে এবং শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে, যখন জনতা ও সশস্ত্র বাহিনীর চিন্তা এক বিন্দুতে মিলেছিল।

আজ শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় প্রতিমন্ত্রী আরও বলেন, ৭৫ ও ২৪-এর গণঅভ্যুত্থান আমাদের শিক্ষা দেয় যে দেশ ও জাতির প্রয়োজনে জনতা ও সশস্ত্র বাহিনী সবসময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে এবং তাদের মধ্যকার অলিখিত দেওয়াল ভেঙে পড়ে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিথিবৃন্দের উপস্থিতিতে পুরস্কার বা স্মারক প্রদান পর্ব ।। ছবি: লোকসমাজ

এ সময় তিনি সশস্ত্র বাহিনীর চেইন অব কমান্ড প্রসঙ্গে উল্লেখ করেন যে, সর্বোচ্চ ব্যক্তিও যদি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস না করেন, তবে অধস্তন কর্মকর্তারা সেই কমান্ড অনুসরণ করেন না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নুরুজ্জামান, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

যশোরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রাণবন্ত উপস্থিতি ।। ছবি: লোকসমাজ

এছাড়া সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশ নেন। পরিশেষে ৭ই নভেম্বর ও ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে এক হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।