জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

0
ছবি: গুলিবিদ্ধ যুবক মনিরুল ইসলাম (৩৫)।

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মনিরুল ইসলাম নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হরিহরনগর বিলের ধারে বড়ঘাট নামক স্থানে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ যুবক মনিরুল ইসলাম (৩৫) হরিহরনগর উত্তরপাড়া গ্রামের লিয়াকত ওরফে নেংটের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে হরিহরনগর গ্রামের সীমান্তবর্তী কাঁটাতারের কাছাকাছি এলাকায় যান মনিরুলসহ সাতজন ব্যক্তি। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ও রাবার বুলেট ছোড়েন।

এতে মনিরুলের পায়ে গুলি লাগে এবং পিঠের বিভিন্ন স্থানে রাবার বুলেটের আঘাত লাগে। মাটিতে লুটিয়ে পড়ার পর তার সঙ্গে থাকা অন্যরা পাশের খালের পানিতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যান। পরে বিএসএফ সদস্যরা আহত মনিরুলকে ভারতের ভেতরে নিয়ে যান।

এসময় মনিরের সঙ্গে থাকা অন্যরা হলেন কামাল উদ্দিনের ছেলে রাশেদ (৩২), তৈয়ব আলীর ছেলে আনিছ (৩৫), বগের ছেলে সোহান (২৫), কিনার উদ্দিনের ছেলে শাওন (২৬), মরহুম বদরুদ্দিনের ছেলে মিন্টু (৩৮) ও মতেহার হোসেনের ছেলে মশিয়ার (৪০)

ঘটনার বিষয়ে ৫৮ মহেশপুর বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, আমরা সীমান্তে গুলির একটি ঘটনার কথা শুনেছি। তবে এখনো আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য আসেনি। বিস্তারিত তথ্য পেলে বিষয়টি জানানো হবে।

তিনি আরো বলেন আমরা ভারতীয় বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। যোগাযোগ হলে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা করা সম্ভব হবে।

হরিহরনগর গ্রামের সাবেক ইউপি সদস্য টিটু জানান, তিনি গুলির শব্দ শোনার পর জানতে পেরেছেন যে মনিরুলকে বিএসএফ আহত অবস্থায় ধরে নিয়ে গেছে। তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলায়মান শেখ জানিয়েছেন, ঘটনাটি তারা শুনেছেন। তবে প্রশাসনিকভাবে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য বা অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।