মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

0
প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটের মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণসহ আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।। ছবি: সংগৃহীত

একদিনের সরকারি সফরে বাগেরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারে করে মোংলায় পৌঁছান তিনি।

এরপর বেলা ১১টা ১৫ মিনিটে মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

এই প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণের পাশাপাশি সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়ন করা হবে, যার মূল লক্ষ্য মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বন্দরসেবার আধুনিকায়ন।

ভিত্তিপ্রস্তর স্থাপন ছাড়াও মোংলায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

এরপর বেলা সোয়া একটার দিকে মোংলা থেকে সড়কপথে বাগেরহাটে পৌঁছে ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ–সংলগ্ন সুফি সাধক হজরত খানজাহান আলী (রহ.)–এর মাজার জিয়ারত করেন তিনি। এ সময় মাজার প্রাঙ্গণে পৌঁছালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতা-কর্মীরা তাঁকে স্বাগত জানান।

মাজার জিয়ারত শেষে সড়কপথে খুলনার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বিকেলে তিনি খুলনা জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (দ্বিতীয় মৌসুম)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।