রাত পোহালেই মাঠে নামছে আর্জেন্টিনা: কেমন ছিল আলবিসেলেস্তেদের আগের ১৮টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ?

0
২০২২ বিশ্বকাপে সৌদির কাছে হেরে বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা।। ছবি: সংগৃহীত

রাত পোহালেই বিশ্বমঞ্চে প্রথমবারের মতো মাঠে নামছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে তাদের এবারের বিশ্বকাপ অভিযান। ফুটবলবিশ্বের অন্যতম পরাশক্তি আলবিসেলেস্তেরা এর আগে মোট ১৮টি বিশ্বকাপ আসরে অংশ নিয়েছে। বিশ্বমঞ্চে আর্জেন্টিনার পথচলার শুরুটা কেমন হয়, প্রথম ম্যাচের সেই জয়-পরাজয় ও উত্থান-পতনের পরিসংখ্যানই আজ ফিরে দেখা যাক।

শুরুর দুই আসর (১৯৩০ ও ১৯৩৪): ১৯৩০ সালের ১৫ জুলাই আর্জেন্টিনা তাদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলে। ফ্রান্সের বিপক্ষে ওই ম্যাচে লুইস মন্তির ৮১ মিনিটের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। নিজেদের প্রথম বিশ্বকাপে স্বাগতিক উরুগুয়ের কাছে ফাইনালে ৪–২ ব্যবধানে হেরে রানার্স-আপ হয়েছিল তারা। তবে ইতালিতে ১৯৩৪ সালের দ্বিতীয় বিশ্বকাপে প্রথম ম্যাচটিই তাদের শেষ ম্যাচ হয়ে যায়। সুইডেনের কাছে ৩-২ ব্যবধানে হেরে সরাসরি নকআউট পদ্ধতির টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা।

১৯৫৮ থেকে ১৯৭৪ সালের খতিয়ান: টানা তিনটি বিশ্বকাপে অংশ নিতে অস্বীকৃতি জানানোর পর ১৯৫৮ সালে সুইডেন আসর দিয়ে আবার বিশ্বমঞ্চে ফেরে আর্জেন্টিনা। ওরেস্তে করবাত্তার গোলে শুরুতে এগিয়ে গেলেও হেলমুট রানের জোড়া গোল ও উভে জিলারের গোলে পশ্চিম জার্মানির কাছে ৩-১ ব্যবধানে হারে তারা। পরে চেকোস্লোভাকিয়ার কাছে ৬–১ গোলের বিশাল হারে গ্রুপ পর্বেই বাদ পড়ে তারা। ১৯৬২ চিলি বিশ্বকাপে হেক্টর ফ্যাকুন্দোর একমাত্র গোলে বুলগেরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে শুরু করলেও পরের রাউন্ডে যেতে পারেনি আর্জেন্টিনা। ১৯৬৬ ইংল্যান্ড বিশ্বকাপে লুইস আরতিমের জোড়া গোলে স্পেনের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় দিয়ে শুরু করে কোয়ার্টার ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় তারা। ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে বাছাইপর্ব পার করতে না পারার পর ১৯৭৪ পশ্চিম জার্মানি বিশ্বকাপের শুরুটাও পোল্যান্ডের কাছে ৩-২ হারের ধাক্কা দিয়ে হয় এবং দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় আলবিসেলেস্তেরা।

প্রথম শিরোপার আনন্দ ও ১৯৮২-এর ধাক্কা: আর্জেন্টিনায় ১৯৭৮ বিশ্বকাপে ড্যানিয়েল বার্টোনির শেষ মুহূর্তের গোলে হাঙ্গেরির বিপক্ষে ২-১ ব্যবধানের কষ্টার্জিত জয় দিয়ে যাত্রা শুরু করে তারা এবং ফাইনালে নেদারল্যান্ডসকে ৩–১ গোলে হারিয়ে নিজেদের প্রথম বিশ্বকাপ ট্রফি জেতে। তবে ১৯৮২ স্পেনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে এসে প্রথম ম্যাচেই ক্যাম্প ন্যু স্টেডিয়ামে এরউইন ভ্যান্ডেনবার্গের একমাত্র গোলে বেলজিয়ামের কাছে ০-১ ব্যবধানে ধাক্কা খায় এবং দ্বিতীয় রাউন্ডে ইতালি ও ব্রাজিলের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় আর্জেন্টিনা।

ম্যারাডোনা যুগ (১৯৮৬, ১৯৯০ ও ১৯৯৪): ডিয়েগো ম্যারাডোনার বিশ্বকাপ জেতার টুর্নামেন্ট অর্থাৎ ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপ আর্জেন্টিনা শুরু করেছিল জয় দিয়ে। হোর্হে ভালদানোর দুটি ও অস্কার রুগারির গোলে দক্ষিণ কোরিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়ে যাত্রা শুরু করে ফাইনালে জার্মানিকে ৩–২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। ১৯৯০ ইতালি বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নেমে ফ্রাঁসোয়া ওমাম–বিয়িকের গোলে ক্যামেরুনের কাছে ০-১ ব্যবধানে হেরে বড় অঘটনের শিকার হলেও সেবার রানার্স-আপ হয়েছিল আর্জেন্টিনা। ১৯৯৪ যুক্তরাষ্ট্রে গ্যাব্রিয়েল বাতিস্তুতার হ্যাটট্রিকে গ্রিসকে ৪-০ গোলে উড়িয়ে টুর্নামেন্ট শুরু করলেও মাঝপথে ম্যারাডোনা ডোপ টেস্টে পজিটিভ হলে রোমানিয়ার কাছে ৩–২ গোলে হেরে বিদায় নেয় তারা দ্বিতীয় রাউন্ডে।

বাতিস্তুতার ধার ও পরবর্তী আসরসমূহ (১৯৯৮-২০১০): ১৯৯৮ ফ্রান্সে গ্যাব্রিয়েল বাতিস্তুতার একমাত্র গোলে জাপানের বিপক্ষে ১-০ ব্যবধানে এবং ২০০২ কোরিয়া-জাপান বিশ্বকাপেও বাতিস্তুতার একমাত্র গোলে নাইজেরিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে জয় দিয়ে শুরু করে আর্জেন্টিনা। তবে ২০০২ আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের। ২০০৬ জার্মানি বিশ্বকাপে নবাগত আইভরি কোস্টকে হার্নান ক্রেসপো ও হাভিয়ের স্যাভিয়োলার গোলে ২-১ ব্যবধানে হারায় এবং ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে গ্যাব্রিয়েল হাইনসের দুর্দান্ত হেডে নাইজেরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে শুভসূচনা করে আর্জেন্টিনা, তবে দুই আসরেই কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে বিদায় নেয় তারা।

মেসি যুগ ও ২০২২-এর অবিশ্বাস্য মহাকাব্য: ব্রাজিল ২০১৪ বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা বসনিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতে আত্মঘাতী গোল ও পরে লিওনেল মেসির দর্শনীয় গোলে ২-১ ব্যবধানে জয় দিয়ে ফাইনালে উঠলেও জার্মানির কাছে শিরোপা হারায় আর্জেন্টিনা। ২০১৮ রাশিয়ায় আইসল্যান্ডের বিপক্ষে সার্জিও আগুয়েরো গোল করলেও লিওনেল মেসির পেনাল্টি মিসের কারণে ম্যাচটি ১-১ গোলে ড্র হয় এবং শেষ ষোলোতে ফ্রান্সের কাছে ৪–৩ ব্যবধানে হেরে বিদায় নেয় তারা। আর ২০২২ কাতারে লিওনেল মেসির পেনাল্টি গোলে শুরুর পর সালেহ আল–শেহরি ও সালেম আল–দাওসারির গোলে সৌদি আরবের কাছে ১-২ ব্যবধানে হেরে আর্জেন্টিনার টানা ৩৬ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ড ভেঙে যায়। তবে পরের ইতিহাস সবার জানা, ফাইনালে ফ্রান্সকে হারিয়ে নিজেদের তৃতীয় বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।

সবমিলিয়ে বিশ্বকাপের ১৮টি উদ্বোধীন ম্যাচের ১১টিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা, ছয়টিতে হেরেছে এবং একটি ড্র করেছে। এই ম্যাচগুলোতে তারা গোল করেছে মোট ২৭টি এবং হজম করেছে ১৯টি। যার মধ্যে শুধু ১৯৮২ ও ১৯৯০ বিশ্বকাপের প্রথম ম্যাচে তারা কোনো গোল করতে পারেনি।