ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ঝিকরগাছা সদর ইউনিয়নের জয়

0
যশোরের ঝিকরগাছায় বিদেশি খেলোয়াড় উবায়েরের একমাত্র গোলে শিমুলিয়া ইউনিয়নকে ১-০ ব্যবধানে হারিয়ে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ঝিকরগাছা সদর ইউনিয়ন।। ছবি: লোকসমাজ

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) ॥ যশোরের ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বিদেশি খেলোয়াড় উবায়েরের করা একমাত্র গোলে শিমুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে ফাইনালে উঠেছে ঝিকরগাছা সদর ইউনিয়ন ফুটবল একাদশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। মাঠজুড়ে ছিল হাড্ডাহাড্ডি লড়াই, আর গ্যালারিতে ছিল হাজারো দর্শকের প্রাণবন্ত উপস্থিতি।

ম্যাচের প্রথমার্ধের ৫মিনিটে বিদেশি খেলোয়াড় উবায়ের দুর্দান্ত এক গোল করে ঝিকরগাছা সদর ইউনিয়নকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। শেষ পর্যন্ত সেই একমাত্র গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে।

শিমুলিয়া ইউনিয়ন একাধিক সুযোগ তৈরি করলেও সমতায় ফিরতে পারেনি। খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়েছে বিজয়ী দলের ৫নং জার্সি পরিহিত খেলোয়াড় হামজা পিয়াস। তার হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন, ঝিনাইদহের সিনিয়র সহকারী জজ আশরাফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম, ঝিকরগাছা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু দাউদ, সাধারণ সম্পাদক আয়ুব হোসেন মেম্বার, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশা, সাবেক ফুটবলার এমামুল হাবিব বুলু, আলিমুল কাদির কিসলু, আশিক মাহমুদ সবুজ, ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল, সহসভাপতি আলহাজ্ব ইয়াউর রহমান, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান মুন্না প্রমুখ।

এর আগে প্রথম সেমিফাইনালে সাডেন ডেথে বাঁকড়া ইউনিয়নকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে শংকরপুর ইউনিয়ন ফুটবল একাদশ।

ফলে আগামী নির্ধারিত তারিখে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ঝিকরগাছা সদর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম শংকরপুর ইউনিয়ন ফুটবল একাদশ। ফাইনালকে ঘিরে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

ম্যাচ শেষে আয়োজক ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের কর্মকর্তারা বলেন, দর্শকদের বিপুল উপস্থিতি ও খেলোয়াড়দের নৈপুণ্যে দ্বিতীয় সেমিফাইনালটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ফাইনাল ম্যাচটি আরও জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।